মৃত্যুবরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চাচা আকবর খান। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

আজ (বৃহস্পতিবার) বাদ আসর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে মরহুমের জানাজা হওয়ার কথা রয়েছে। তামিম বিষয়টি নিশ্চিত করেছেন, আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আজ বাদ আসর তার জানাযা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সেরা ওপেনার তামিমের প্রথম কোচ ছিলেন তার চাচা। এই আকবর খানের কাছ থেকেই ক্রিকেট দীক্ষা নিয়েছিলেন তামিম। নিজের ফেসবুক পোস্টে বাঁহাতি ওপেনার লিখেছেন তার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে চাচার অবদানের কথা, উনি (আকবর খান) নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।

তামিম আরো যোগ করে লিখেছেন, মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।