উয়েফা নেশনস লিগ চালু হয় ২০১৮ সালে। উয়েফা ৫৫ সদস্য নিয়ে দুই বছর পরপর এ টুর্নামেন্ট আয়োজন করছে। প্রথম সংস্করণে পর্তুগাল ও পরের সংস্করণে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। আগামী বছর অনুষ্ঠিত হবে এর তৃতীয় আসর। ২০২৪ সালে চতুর্থ আসর থেকে এই লিগে যুক্ত হতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিল।

চমকপ্রদ এই খবরটি নিশ্চিত করেছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সহসভাপতি এবং পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক।

তবে শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলই নয়, ২০২৪ সালের সংস্করণ থেকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০টি সদস্য দেশের সবারই এ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা।

পোল্যান্ডের খেলাধুলাবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম মেকজিকিকে বনিয়েক বলেন, ২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। তবে আমরা এখনো সূত্রটা জানি না। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।

বনিয়েক জানান, দক্ষিণ আমেরিকার ছয়টি দল লিগ ‘এ’-তে যোগ দেবে। বাকি ৪ দল যোগ দেবে লিগ ‘বি’ত। খেলাগুলো ইউরোপেই হওয়ার কথা।

অবশ্য বিষয়টি এখনো চূড়ান্ত নয়। উয়েফার এক মুখপাত্র রয়টার্সকে বলেন, কনমেবলের সঙ্গে উয়েফা এ নিয়ে কাজ করছে। ইএসপিএন