১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়। কিন্তু টাইব্রেকারে কপাল পুড়ল দিক হারা বার্সেলোনার। সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গতকাল রাতে পেনাল্টি শুট আউটে বার্সাকে ৪-২ গোলে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতেছে বোকা জুনিয়র্স।
প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মরণে, তার ক্যারিয়ারে খেলা দুই ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের মধ্যে এ ট্রফির আয়োজন করা হয়। তবে স্প্যানিশ জায়ান্টদের হারিয়ে ম্যারাডোনার জন্মভূমিতে ট্রফি নিয়ে গেল বোকা। সব মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন থাকলো বার্সেলোনা।
গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। বল দখলে এগিয়ে থেকেও গোলে দেখা পায়নি কাতালান ক্লাবটি। তবে বিরতি থেকে ফিরেই গোলের দেথা পায় বার্সা। ৫০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন ফেরান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কুতিনহোর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। দারুণ টার্নে জায়গা করে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেয় জাল। খেলার ৭৭ মিনিটে সমতা ফেরায় বোকা। ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান এসেকিয়েল সেবাইয়োস।
সমতায় ম্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি। বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিশ্চিয়ান পাভোন ও আরন মোলিনাস।
কাতালানদের হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ্যে।










