বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের চলতি মৌসুমে গতকাল শুরু হয়েছে তৃতীয় রাউন্ডের খেলা। এ রাউন্ড শেষেই বিপিএলের ভেনুতে আসছে পরিবর্তন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে চতুর্থ রাউন্ড থেকে ছয়টি ভেনুতে খেলা হবে। টঙ্গী ও মুন্সীগঞ্জের দুটি ভেনুতে প্রিমিয়ার লিগ শুরু হয়। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম বাদ দিয়ে মুন্সীগঞ্জসহ আরো পাঁচটি ভেনুতে লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শুক্রবার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মুন্সীগঞ্জের সঙ্গে যোগ হবে সিলেট, গোপালগঞ্জ, কুমিল্লা, রাজশাহী ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। এবারের লিগে খেলছে ১২টি দল। এ ১২ দলের মধ্যে হোম ভেনু আছে শুধু দুটির। বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের হোম ভেনু হিসেবে ব্যবহূত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের হোম সিলেট জেলা স্টেডিয়াম। ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম। বাংলাদেশ পুলিশ ও স্বাধীনতা ক্রীড়া সংঘের রাজশাহী জেলা স্টেডিয়াম। উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।
দলগুলো হোম ভেনু পাওয়ার আগেই চলতি লিগের তিন রাউন্ড শেষ। এমনিতেই ফিকশ্চার জটিলতা। বাকি রাউন্ডগুলোতে সমঅধিকার নিয়ে ফিকশ্চার হওয়ার আশ্বাস দিলেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেছেন, আমাদের টেকনিক্যাল ব্যক্তিরা আছেন। তারা অবশ্যই সব ক্লাবের বিষয়টি বিবেচনা করেই ফিকশ্চার করবেন।










