ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছুর আশা নিয়ে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু ওপেনিংয়ে নেমে লিটন দাস প্রত্যাশিত কিছু উপহার দিতে পারেননি। দ্বিতীয় ওয়ানডের মতো সেই স্যাম কারানের বলেই ডাক মেরে সাজঘরে ফিরেছেন। দুই ম্যাচেই খালি হাতে ফিরেছেন তিনি। কারানের অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গেলে গ্লাভসবন্দি হয়েছেন জস বাটলারের।
লিটনের পর বিদায় নিলেন তামিমও। দলীয় ৩ ওভারেই কারানের বল ঠিকমতো বুঝতে পারেননি। ফ্লিক করতে গেলে বল দুর্ভাগ্যজনকভাবে লিডিং এজ হয়ে উঠে যায় বাতাসে। পয়েন্টে তার সহজ ক্যাচ নিতে ভুল করেননি জেমস ভিন্স। ২০ ওভারশেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল দুই উইকেটে ৮৮ রান। নাজমুল হোসেন শান্ত ৩৮ ও মুশফিকুর রহিম ৩৭ রানে ব্যাট করছিলেন।
এর আগে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য সামনে রেখেই আজ সোমবার তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নামছে স্বাগতিক দল। বাংলাদেশ দলে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন পেসার এবাদত হোসেন। ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। অভিষেক হয়েছে লেগস্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদের। তাছাড়া ফিরেছেন জোফরা আর্চার, ও ক্রিস ওকস।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।










