সময়টা খুবই খারাপ যাচ্ছে বার্সেলোনার। এরই মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে কাতালানরা। গ্রুপ পর্বের ছয় ম্যাচে দলটি করতে পেরেছে মাত্র দুটি গোল। ফরওয়ার্ডরা আছেন মারাত্মক গোল-খরায়। এমন পরিস্থিতিতে নতুন কোচ জাভি হার্নান্দেজ পুরো দলকেই ঢেলে সাজানোর কথা ভাবছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আক্রমণভাগ সাজাতে তার চোখ এখন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের ওপর।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ২১ বছর বয়সী এ ফরওয়ার্ডকে পেতে আগামীকালই আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট সভাপতির সঙ্গে দেখা করবেন বার্সেলোনার প্রতিনিধিরা।

লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও আতোয়াঁ গ্রিজম্যানকে (ধারে) ছেড়ে দিয়ে বার্সেলোনা রীতিমতো ধুঁকছে। সে সমস্যা সমাধানেই হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। সলজবুর্গের তরুণ ফরওয়ার্ড কারিম আদেয়েমিকে চেয়েছিল দলটি। কিন্তু এ জার্মান ফরওয়ার্ডের বার্সায় যোগ দেয়ার ইচ্ছা নেই।

কোচ জাভির ভাবনায় এখন আলভারেজ। কোচের ভাবনাকে গুরুত্ব দিচ্ছে ক্লাবও। চলতি মৌসুমের সংখ্যাটাও কথা বলছে আলভারেজের পক্ষেই। লিগে খেলেছেন ২০ ম্যাচ, তাতে গোল করেছেন ১৭টি, করিয়েছেন আরো নয়টি। তার রিলিজ ক্লজও আছে বার্সার নাগালেই। সবকিছু ঠিক করতে পারলে ২৫ মিলিয়ন ইউরোতেই পাওয়া যাবে তাকে। মার্কা