জিম্বাবুয়ের হারারেতে নারী বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বে আজ পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় তুলে নিল বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা। জবাব দিতে নেমে একটি পর্যায়ে হারের মুখে পড়া বাংলাদেশ দল রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ২ বল বাকি থাকতে জয় তুলে নেয়। রুমানা ৪৪ বলে ৫০ ও সালমা ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশ ৪৯ রানের মধ্যে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সফলতা দেখায়। যদিও এরপর নিদা দার ও আলিয়া রিয়াজের অনবদ্য ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশকে হতাশ করে। এ দুজন ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি চ্যালেঞ্জের মুখে ফেলেন বাংলাদেশকে। নিদা দার ১১১ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৭ এবং আলিয়া রিয়াজ ৮২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের
পক্ষে নাহিদা আক্তার ২৫ রানে ও রিতু মনি ৩৬ রানে দুটি করে উইকেট নেন। এছাড়া সালমা
খাতুন ৩২ রানে ও রুমানা আহমেদ ৪০ রানে একটি উইকেট নেন। বোলারদের চেষ্টাকে বিফল হতে
দেননি রুমানা ও সালমা। এ দুজনের আগে ফারজানা হক ৪৫, রিতু মনি ৩৩ ও শারমিন আক্তার
৩১ রান করে বাংলাদেশকে ভিত গড়ে দেন।
বাছাইপর্বে অংশ নিচ্ছে ৯টি দেশ। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। দুই গ্রুপ থেকে শীর্ষ ৬টি দল খেলবে সুপার সিক্স পর্বে। সেখানে লড়াইশেষ শীর্ষ তিনটি দল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার।










