সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা জিতেছেন ইগা সিয়ানতেক। ফর্ম ধরে রেখে এবার মায়ামি ওপেনেও জয়রথ ছুটছে তার। এখানে দ্বিতীয় রাউন্ডে জয় পাওয়ায় নারীদের র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে গেলেন ২০ বছর বয়সী এ খেলোয়াড়। ২০০০ সালের পর জন্মগ্রহণ করা প্রথম খেলোয়াড় হিসেবে র‌্যাংকিংয়ের চূড়ায় উঠলেন ইগা আর প্রথম পোলিশ নারী হিসেবেও।

এদিকে হঠাৎই টেনিস থেকে অবসর নিলেন শীর্ষ র্যাংকধারী খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। টানা ১১৪ সপ্তাহ র‌্যাংকিংয়ের এক নম্বরে ছিলেন বার্টি। তার জায়গা নেবেন সিয়ানতেক। ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে পাদপ্রদীপের আলোয় আসা সিয়ানতেক আনুষ্ঠানিকভাবে বার্টিকে সরিয়ে এক নম্বরে উঠে যাবেন ৪ এপ্রিল, যেদিন মেয়েদের নতুন র‌্যাংকিং প্রকাশিত হবে।

আনন্দিত সিয়ানতেক বলেন, সত্যি বলতে কি, এমনটি আমি কখনই কল্পনা করিনি। এমন বিশ্বাস কখনই হয়নি যে এটা ঘটবে। জানি, আগামীকালও ঠিক একইভাবে সূর্যোদয় হবে, তবু এ মুহূর্তে সবকিছু আমার কাছে পরাবাস্তব লাগছে।

ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা তাকে র‌্যাংকিংয়ের দুই নম্বরে পৌঁছে দেয়। এবার মায়ামিতে সুইস খেলোয়াড় ভিক্টোরিয়া গোলুবিচকে ৬-২, ৬-০ গেমে হারিয়ে এক নম্বরে উঠে গেলেন লাস্যময়ী এ তারকা। সিয়ানতেকের এক নম্বরে ওঠা নিয়ে অবসরের ঘোষণা দেয়া বার্টি বলেন, এটা যদি ইগা হয়, তবে তার চেয়ে যোগ্য ব্যক্তি আর হয় না। সে অবিশ্বাস্য এক ব্যক্তিত্ব, মহান খেলোয়াড়। কোর্টে যে সতেজ আর ভয়ডরহীন প্রাণশক্তি সে নিয়ে এসেছে, তা এক কথায় অবিশ্বাস্য। সে এর যোগ্য। আশা করি, সে এটা বহুদিন ধরেও রাখবে। বিবিসি