নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদ পড়লেন কৃতী অলরাউন্ডার জেমস নিশাম। প্রথমবারের মতো চুক্তির আওতায় এসেছেন মাইকেল ব্রেসওয়েল। আর ২০ জনের তালিকায় ফিরেছেন টেস্টের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেয়া স্পিনার আজাজ প্যাটেল। রস টেলর অবসর নেয়ায় সংহত নিউজিল্যান্ড দলে একটি ফাঁকা জায়গা তৈরি হয়, যে জায়গাটি নিলেন ব্রেসওয়েল। সম্প্রতি ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ব্রেসওয়েল। গত মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। তিনি মূলত নিশামের জায়গা নিলেন।
২০১৭ সালের পর টেস্ট খেলেননি নিশাম। গত ১২ মাসে তিনি টি২০ খেলেছেন নয়টি। আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের দলে থাকা নিশাম সর্বশেষ সাত ইনিংসে ১৩৫.২৯ স্ট্রাইক রেটে করেছেন ৯২ রান এবং ৮.২০ ইকোনমি রেটে নিয়েছেন তিনটি উইকেট। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে।
উল্লেখ্য, যেসব ক্রিকেটার চুক্তিতে রয়েছেন তারা প্রস্তাব গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে ১৯ মে পর্যন্ত সময় পাবেন। ক্রিকইনফো
নিউজিল্যান্ডের বোর্ডের চুক্তিতে যারা: টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলস, মাইকেল ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ইস সোধি, মার্টিন গাপটিল, টিম সাউদি, ম্যাট হেনরি, নেইল ওয়াগনার, কাইল জেমিসন, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম ও উইল ইয়াং।










