চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য ছুড়ে দিতে সমর্থ হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১৫৭ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৪৪ রানের লিড মিলে অতিথিদের সামনে ২০২ রানের লক্ষ্য ছুড়ে দেয় মুমিনুল হকের দল। এ প্রতিবেদন লেখার সময় সফরকারী দল বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করে। ১০ উইকেট হাতে নিয়ে তাদের আরো প্রয়োজন ছিল ১৭২ রান।

প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। ৫৯ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে নাস্তানাবুদ করে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নেন ৫টি উইকেট। তার গতিঝড়ের মধ্যে দাঁড়িয়ে লড়াকু হাফাসেঞ্চুরিতে বাংলাদেশের লিডটা দুশ পার করান লিটন।

৪ উইকেটে ৩৯ রান তুলে ততীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিন মাঠে নেমেই বিপাকে পড়ে টাইগাররা। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও লিটন দাস দলকে টানছিলেন। দলীয় ৯০ রানের রাব্বি চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়লে ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি রাব্বি। দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আজ টেস্টের চতুর্থ দিন পানি পানের বিরতির আগে আফ্রিদির একটি বাউন্সার সরাসরি তার হেলমেটে লাগে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। মাঠে ফিজিও এলে তার সঙ্গে কথা বলে খেলা চালিয়ে যান। কিন্তু পানি বিরতির সময় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই মিডলঅর্ডার ব্যাটার। তার আগে ৭২ বল মোকাবেলায় করেছেন ৩৬ রান। ইতোমধ্যে মাথার এক্স-রে করতে ইয়াসির আলীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি উঠে যাওয়ায় তার বদলে ‘কনকাশন সাব’ হিসেবে নুরুল হাসান সোহান মাঠে নামেন।

১১ রান করে সাজিদ খানের শিকার হন মিরাজ। সাজিদ খানের শিকার হওয়ার আগে সোহান করেন ১৫ রান। দশম হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর বেশিদূর যেতে পারেননি লিটনও। ৮৯ বল মোকাবেলায় ৫৯ রানে ফেরেন আফ্রিদির এলবিডব্লিউর ফাঁদে পড়ে। আবু জায়েদ ও তাইজুলের রানের খাতাই খোলা হয়নি। দ্বিতীয় ইনিংসে হাসান আলী ২টি ও সাজিদ খান নেন ৩টি উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশে সংগ্রহ ৩৩০ রান। পাকিস্তানকে প্রথম ইনিংস ২৮৬ রানে গুটিয়ে ৪৪ রানের লিড পায় মুমিনুল হকের দল।