ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয়া দক্ষিণ আফ্রিকা পড়েছে কঠিন চাপের মুখে। ষষ্ঠ ওভারের মধ্যেই দুই ওপেনার তেম্বা বাভুমা ও কুইন্টন ডি কককে হারিয়েছে প্রোটিয়ারা। এ প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ছিল প্রথম পাওয়ার প্লের ১০ ওভারশেষে ১৮/২। ফন ডার ডুসেন ৫ ও এইডেন মার্করাম ৬ রানে ব্যাট করছিলেন।

প্রথম ওভারের ষষ্ঠ বলে সাজঘরে ফেরেন অধিনায়ক বাভুমা। মিচেল স্টার্কের বলে উইকটেকিপার জস ইংলিশদের ক্যাচ দেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার আগুণে বোলিংয়ের মুখে কোনঠাসা হয়ে পড়েন রাসি ফন ডার ডুসেন ও কুইন্টন ডি কক। দুজনকে কোনোভাবেই রান বের করতে পারছিলেন। অজিদের যেমন বোলিং, তেমন শক্ত ফিল্ডিং। এমনই দম বন্ধ হওয়া পরিস্থিতি থেকে বের হয়ে আসতে গিয়ে জীবন দিলেন ডি কক। জস হ্যাজেলউডকে স্ট্রেইটে ছক্কা মারতে গিয়ে বল আকাশে তুলে দেন তিনি। অজি দলনায়ক প্যাট কামিন্স লং-অন থেকে  অনেকটা পেছনে দৌড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন।

এরপর ফন ডার ডুসেনের সঙ্গে উইকেটে যোগ দেন এইডেন মার্করাম।  

প্রোটিয়া অধিনায়ক বাভুমা জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখেই তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অজি দলনায়ক প্যাট কামিন্সও টস জিতলে আগে ব্যাটিং নিতে বলে জানান।

রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের ৭টি জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সমান ৭টি ম্যাচ জিতলেও নিট রানরেটে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে।  

আজকের ম্যাচের বিজয়ী রোববার আহমেদাবাদে ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে। বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারায় ভারত।

অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর দক্ষিণ আফ্রিকা কখনই ফাইনাল খেলেনি। ১৯৯৯ সালের সেমিফাইনালে অজিদের কাছে হেরেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।  

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জস ইংলিশ, মার্নুস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।