২০০৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ইতালির ঘুমন্ত দৈত্য এসি মিলান। ১৬ বছর আগে সাতটি ইউরোপিয়ান মুকুটের সবশেষটি জয় করে তারা। তারপর এই প্রথম শেষ চারে ওঠা রোজোনেরিদের।

 

মঙ্গলবার রাতে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেও শেষ চারের টিকিট পায় এসি মিলান। স্যান সিরোয় প্রথম লেগটি ১-০ গোলে জিতেছিল স্তেফানো পিওলির দল। দুই লেগ মিলে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ চারের টিকিট পেল মিলান জায়ান্টা।  

 

সিরি-এ লিগ লিডার নাপোলি শুরুতে আধিপত্য করলেও দারুণ এক আক্রমণে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি আদায় করে এসি মিলান। যদিও দুর্ভাগ্যজনকভাবে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন অলিভিয়ার জিরু। ২১ মিনিট পর ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ মেলে জিরুর। ৪৩ মিনিটে এই ফরাসি স্ট্রাইকারের গোলেই লিড নেয় মিলান। লিগে চতুর্থ বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করলেন ৩৬ বছর বয়সী এই ফরওয়ার্ড। যোগ করা সময়ে সিরি-এ লিগের টপ স্কোরার ভিক্টর অসিমেন সমতা আনলেও তা নাপোলির জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২-১ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে এসি মিলান।

 

মিলানের এই জয়ে অল-ইতালিয়ান সেমিফাইনাল কিংবা মিলান ডার্বির মঞ্চ তৈরি হতে পারে। আরেক কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান। স্যান সিরোয় আজ বুধবার রাতে কোনো অঘটন না হলেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মিলান ক্ল্যাসিকোর দেখা মিলছে।  

 

এদিকে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা নাপোলির অবশ্য আনন্দ করার উপলক্ষ্য সামনে আছে। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো সিরি-এ লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। দ্বিতীয় স্থানধারী লাৎসিওর চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থাকা নাপোলিকে শিরোপাবঞ্চিত রাখা অনেকটাই অসম্ভব।