ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার টটেনহ্যামকে তাদেরই মাঠে ৬ গোল দিয়েছে লিভারপুল। ৯ গোলের ম্যাচে অল রেডরা জিতেছে ৬-৩ গোলের ব্যবধানে। এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করেছে লিভারপুর।

লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ ও লুইস ডিয়াজ উভয়ই করেন জোড়া গোল। এছাড়া অ্যালেক্সি ম্যাক-অ্যালিস্টার, ডমিনিক সবোসলাই একটি করে গোল করেন।

আর্নে স্লটের লিভারপুল ছিল স্বাগতিক স্পার্সদের ওপর চরম নির্দয়। তাদের গতির কাছে অসহায় ছিল ইনজুরি জর্জর টটেনহ্যাম দল। স্পার্সদের হয়ে জেমস ম্যাডিনসন, দেজান কুলুসেভস্কি ও ডমিনিক সোলাঙ্কি গোল করেন।

রোববার রাতে ম্যানইউ নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে হেরেছে ৩-০ গোলে। এছাড়া লেস্টার সিটিকে তাদের মাঠে একই ব্যবধানে হারায় উলভারহ্যাম্পটন। এভারটনের মাঠে গোলশূন্য ড্র করেছে চেলসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। এরপর আর্সেনাল (৩৩) ও নটিংহ্যাম ফরেস্ট (৩১)।

এদিকে, শনিবার অ্যাস্টন ভিলার মাঠে ১-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমেছে।