লিওনেল মেসির বিশ্বকাপ জিততে না পারা নিয়ে ছিল দীর্ঘ হাহাকার, আক্ষেপ। অবশেষে ২০২২ সালে সেই আক্ষেপ ঘুচেছে। কাতারে মেসির নেতৃত্বেই বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এরপর মাঝে দুই বছর অতিবাহিত হয়েছে। এরই মধ্যে আর্জেন্টিনা পরের বিশ্বকাপে খেলার টিকিটও নিশ্চিত করে ফেলেছে। প্রশ্ন জেগেছে, মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে?
প্রশ্ন ওঠাই স্বাভাবিক। মেসির নেতৃত্বে ২০২২ সালে কাতার থেকে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এটা ছিল দেশটির ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ মুকুট। মেসিকে ঘিরেই আরেকবার বিশ্বকাপ জিততে চায় আর্জেন্টাইনরা। যদিও খেলোয়াড়টি সরাসরি এখনো কিছু জানাননি। তবে তার পরিকল্পনায় অনেকের কাছে বিষয়টি স্পষ্ট। তিনি ইউরোপ কিংবা সৌদি আরবের কোটি কোটি ডলারের হাতছানি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন বিশ্বকাপের কথা মাথায় রেখেই। এ থেকে অনুমান করে নেয়া কঠিন নয়।
গত বুধবার ভোরে ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায়, তারা ২০২৬ বিশ্বকাপে খেলছে। লাতিন অঞ্চলে সবার আগে বিশ্বকাপে উঠে যায় আলবিসেলেস্তেরা। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে মেসির খেলা নিয়ে প্রশ্ন করা করা হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘দেখা যাক কী হয়, এখনো তো অনেক সময় আছে। আসলে তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে পাগল করে দেয়া উচিত হবে না।’
তবে মেসিকে যে দলে প্রয়োজন রয়েছে সেটা তার সতীর্থদের চেয়ে কে আর ভালো জানে। ব্রাজিল ৪-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ বললেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরো ২-৩ গোল বেশি করতাম।’
মেসির ‘বডি গার্ড’খ্যাত রদ্রিগো দি পল কী বলছে শুনুন, ‘আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’










