উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়টা বড়সড় নয়। ইতিহাদ স্টেডিয়ামে মাত্র ১-০ গোলে জয়ে পেয়েছিল সিটিজেনরা। আজ কোয়ার্টারের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকোর মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা। এ লিডে প্রতিপক্ষের মাঠে টিকে থাকাটা অতিথিদের জন্য কঠিন ব্যাপারই হতে পারে।
মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। একই সময়ে অ্যানফিল্ডে লিভারপুল আতিথেয়তা দেবে পর্তুগালের ক্লাব বেনফিকাকে। প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালের পথ সহজ করে রেখেছে অলরেডস।
ম্যানসিটির মাঠে দিয়েগো সিমেওনের ৫-৫-০ ফরমেশন সবাইকে অবাক করেছিল। প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণ না করে ৯০ মিনিট জুড়ে কেবল রক্ষণই সামলিয়েছে শিষ্যরা। গোলমুখে একটি শটও রাখতে পারেনি তার দল। এজন্য সমালোচনার মুখেও পড়ে দলটি।
ম্যাচে পার্থক্য গড়ে দেয়া সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে ম্যাচ শেষে বলেন, তার ক্যারিয়ারে এ ফরমেশন আগে কোনো দলকে খেলতে দেখেননি!
এত বছরের কোচিং ক্যারিয়ারে সিমেওনের বুদ্ধিও নেহাত কম নয়। ডি ব্রুইনের গোলটি না হলে সবকিছু তার অনুকূলেই থাকত। তবে এখনো সেমিফাইনালে ওঠার সুযোগ আছে স্প্যানিশ জায়ান্টদের।
ফিরতি লেগে নামার আগে সংবাদ সম্মেলনে নিজেদের খেলা নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে সিমেওনে বলেন, আমি ২০০৫-০৬ মৌসুম থেকে কোচিংয়ে আছি এবং আমি সবসময় আমার সহকর্মীদের সম্মান করি। তবে সাবেক খেলোয়াড়-কোচরা সবসময় তাদের কথা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আমি তাদের উপেক্ষা করি।
সিমেওনের অধীনে ২০১৪ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যানসিটির বিপক্ষে ফিরতি লেগে নিয়ে আর্জেন্টাইন এ কোচ বলেন, আমরা এমন একটি দলের বিপক্ষে খেলব, যারা খুব ভালো খেলে। তবে আমরা আশাবাদী। শুধু আশা থাকলেই অবশ্য হবে না। আমরা লড়াইটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমরা তাদের আঘাত করতে পারি।
এদিকে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, স্প্যানিশ ক্লাবটি (অ্যাতলেতিকো মাদ্রিদ) ঘরের মাঠে খুব রক্ষণ ধরে খেলার সম্ভাবনা কম।
টুর্নামেন্টে তিন হলুদ দেখায় উয়েফার নিয়ম অনুযায়ী এ ম্যাচে খেলা হচ্ছে না সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ।
গার্দিওলা আরো বলেন, আমাদের আলাদা কোনো ফরমেশন নেই। একটি দল হিসেবে আমরা খেলতে চাই। সময়ে ডি ব্রুইনে, মাহরেজ, গুনদোয়ানরা ডিফেন্ডারও। সব মিলিয়ে আমরা একটি দল হিসেবে খেলি। এটি সত্যি আমাদের শক্তিশালী করে তোলে। আজ যদি আমরা শক্ত না হই, তাহলে সেমিফাইনালে যাওয়া কঠিন হবে।










