বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী শ্রীলংকা ক্রিকেট দল। এ ম্যাচটি তারা খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচের জন্য আজ শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লংকানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার
ডিভিশন ক্রিকেট লিগে
(ডিপিএল) রানের ফোয়ারা ছোটানো এনামুল হক বিজয়।
এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ও সদ্য টেস্ট দল থেকে বাদ পড়া আবু জায়েদ রাহীকেও দলে
রাখা হয়েছে। বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।
সম্প্রতি দল থেকে বাদ পড়া সাদমান ইসলামকে রাখা হয়েছে দলে। এ ছাড়া আছেন
সাইফ হাসান।
বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মে। ১৫ মে
চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে।
বিসিবি একাদশ:
মোহাম্মদ মিঠুন
(অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হাসান, মোহাম্মদ এনামুল হক, মাশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহী।










