চোটের কারণে ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার হয়ে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির। অবশেষে তিনি চোটমুক্ত হয়ে মাঠে ফিরলেন এবং ফিরেই ইন্টার মিয়ামির হয়ে গোল করলেন। বাংলাদেশ সময় আজ রোববার ভোরে অনুষ্ঠিত মেজর লিগ সকারের ম্যাচে কলোরাডো র‍্যাপিডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মিয়ামি। এই ম্যাচে গোল পান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মেসি।

 

চোটের কারণে ইন্টারের হয়ে মোট চার ম্যাচ খেলতে পারেননি মেসি। এবার ফিরেই গোল পেলেন তিনি। রাফায়েল নাভারোর পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। তখন মেসির গোলে সমতায় ফেরে ডেভিড বেকহামের দলটি। বাম পায়ের শটে তিনি গোলটি করেন। এরপর সতীর্থ লিওনার্দো আফোনসোকে দিয়ে করান আরেক গোল। তবে লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি মিয়ামি। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে র‍্যাপিডসকে সমতায় ফেরান কোল বাসেট।

 

ইন্টার মিয়ামির কোচ জেরার্ড মার্টিনো ম্যাচ শেষে বলেন, ‘লিও যেটা করেছে সেটা তার জন্য স্বাভাবিক। সে দলের মধ্যে, সতীর্থদের মধ্যে আশার সঞ্চার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে স্বস্তি অনুভব করছে, ভালো আছে। এটা তাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, বিশেষ করে মন্টেরেইতে দ্বিতীয় লেগের খেলায়।’

 

গত বৃহস্পতিবার ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান দল মন্টেরেই ২-১ গোলে হারিয়ে দেয় ইন্টারকে। আগামী শুক্রবার ভোরে মন্টেরেইয়ের মাঠে খেলতে যাবে ইন্টার। মেসি ফিট হয়ে ওঠায় ইন্টার মিয়ামি প্রথম লেগের ঘাটতি কাটিয়ে উঠে জয়ের আশায় থাকবে।