মধ্যপ্রাচ্যের ও আরবদের গৌরবের বিশ্বকাপ আয়োজন শেষ হলো। গত রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামে ফিফা ২২তম বিশ্বকাপ আসরের। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠেছে এবারের শিরোপা। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন ৩৫ বছর বয়সী ফুটবল সুপারস্টার এবং তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেই পেলেন সাফল্য। মেসির হাত ধরেই ৩৬ বছর পর শিরোপা ফিরল দিয়েগো ম্যারাডোনার দেশে। ১৯৮৬ সালে ম্যারাডোনার জাদুতেই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয় করে লাতিন জায়ান্টরা। ধ্রুপদি ফুটবলের দেশটি এবার পেল তৃতীয় মুকুটের স্বাদ।
আসরটি আরো নানা কারণে ইতিহাসের অংশ হয়ে থাকবে। এ আসরেই আফ্রিকার কোনো দল হিসেবে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখায় মরক্কো। এছাড়া ঘটেছে কত কত অঘটন, আর চমকে ভরা ছিল মাঠের লড়াই। আবার এ আসর পর্যন্ত চার বছরের চক্রে রেকর্ড রাজস্ব আহরণ করেছে ফিফা।
কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে ছিল সংশয়। পশ্চিমা বিশ্বের বড় একটি অংশ এর বিরোধিতা করছিল। এমনকি বিশ্বকাপ শুরুর দুদিন আগেও মানবাধিকার লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘন, সমকামিতা নিষিদ্ধ করাসহ নানা ইস্যুতে কাতারকে আক্রমণ করা হয়েছে। এ সময় অবশ্য কাতারের পাশে থেকে তাদের সমর্থন দিয়েছে ফিফা। অবশেষে সফল সমাপ্তি ঘটল আসরটির। এবারের আসরকে ‘সর্বকালের সেরা’
হিসেবে আখ্যা দিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো কাতারকে গর্বিতই করেছেন। সংবাদ সম্মেলনে ফিফাপ্রধান বলেন, এ বিশ্বকাপ যে অনন্য ও সমন্বিত শক্তি দেখিয়েছে সেটিই সফলতার মূলে কাজ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন বিশ্বকাপ উপলক্ষে কাতারে এসে আরব বিশ্বকে আবিষ্কার করেছেন, যা আগে তারা জানতেন না কিংবা মানুষের কাছ থেকে শুনেছেন মাত্র।
এবারের বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আফ্রিকার ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে আরব দেশ মরক্কো। এছাড়া সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়, মরক্কোর কাছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো হেভিওয়েট দলের পরাজয়; জাপানের কাছে স্পেন ও জার্মানির এবং দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগালের পরাজয় ছিল কাতার বিশ্বকাপে আলোচিত, চমকপ্রদ ঘটনা। নকআউট পর্বে বিশ্বের বিভিন্ন প্রান্তের দলের অংশগ্রহণ এ বিশ্বকাপকে জমজমাট করে তোলে। এছাড়া প্রথমবারের মতো পুরুষদের ফুটবলে কোনো নারী রেফারির অংশগ্রহণ আরবে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপকে দিয়েছে স্বতন্ত্র এক পরিচিতি। তবে সবকিছু ছাপিয়ে গেছে মেসির বিশ্বজয়ের খবর।
পঞ্চমবারের চেষ্টায় অবশেষে বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন ফুটবলের মহারাজা মেসি। আর্জেন্টিনা পেল বিশ্বকাপের তৃতীয় মুকুট। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার শিরোপার ম্যাচে জমজমাট লড়াই হয়। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও আলাদা করা যায়নি বিশ্বের অন্যতম সেরা দুটি দলকে। অবশেষে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসিদের এ রোমাঞ্চকর জয়ে বিফলেই যায় ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের অনবদ্য এক হ্যাটট্রিক। ফাইনালটি ছিল দুই মহাতারকা মেসি ও এমবাপ্পের শ্রেষ্ঠত্বের লড়াইও। দুজন দুই দেশের সেরা খেলোয়াড়, দেশকে শিরোপা এনে দেয়ার দায় এ দুজনেরই কাঁধে। ফাইনালে এই দুজনই থাকলেন লড়াইয়ের কেন্দ্রে। লড়াইয়ের মঞ্চে কখনো কর্তৃত্ব ছিল মেসির, কখনো বা তা কেড়ে নেন এমবাপ্পে। শেষ হাসি হাসেন মেসিই।
দুবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা ৩৬ বছর ধরে ছিল বিশ্বকাপ শিরোপার খোঁজে। কিংবদন্তি ম্যারাডোনার জাদুতে ১৯৮৬ সালে দ্বিতীয় ও সর্বশেষ শিরোপার স্বাদ পায় আর্জেন্টাইনরা। এরপর তিন যুুগের দীর্ঘ খরা। ম্যারাডোনার পর আর্জেন্টিনায় আবির্ভাব ঘটা আরেক মহাতারকা মেসির হাত ধরে ২০১৪ সালে ফাইনালে উঠলেও জার্মানির কাছে পরাজিত হয় আলবিসেলেস্তেরা। আট বছর পর কাতার বিশ্বকাপে এল শিরোপার স্বাদ। এর আগে ১৯৭৮ সালে প্রথম ও ১৯৮৬ সালে দ্বিতীয় বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বুয়েন্স আয়ার্সের বসন্ত এসেছে যেন। রাজধানীর প্লাজা ডে লা রিপাবলিকার ওবেলিস্ক মনুমেন্ট এলাকায় ৪০ লাখ সমর্থক জমায়েত হন মেসিদের সংবর্ধনায়। পরিস্থিতি এমনই দাঁড়ায়, যে বাসটিতে করে মেসিরা প্যারেডে অংশ নেন সেটি জনতার ভিড় ঠেলে সামনেই এগোতে পারছিল না। অবশেষে বাধ্য হয়ে খেলোয়াড়দের হেলিকপ্টারে করে সেখান থেকে সরিয়ে নেয়া হয়!
লাখ লাখ মানুষ ফুটবল হিরোদের জন্য রাস্তায় অপেক্ষা করে। কেউ স্কুটারে চেপে মেসিদের বাসকে অনুসরণ করে। কেউবা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ছাদ খোলা বাসের ওপর লাফিয়ে পড়ার চেষ্টাও করে।
এ নিয়ে আর্জেন্টিনার ২৫ বছর বয়সী মাতিয়াস গোমেজ অনুভূতি ব্যক্ত করে বলেন, এটা পাগলাটে ব্যাপার। অবিশ্বাস্য। আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা।
এদিকে এ বিজয়ের আনন্দ উদযাপনে গত মঙ্গলবার আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করে দেশটির সরকার।
সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েলা সেরুতি বলেন, আজ ইতিহাসের অন্যতম সেরা উত্সব অবলোকন করল আর্জেন্টিনা। একত্রে ঘণ্টার পর ঘণ্টা আনন্দ ও উল্লাস করে গেছে সমর্থকরা।
ফিফা সভাপতি জানান, কাতার বিশ্বকাপ থেকে তারা ১০০ কোটি ডলারের বেশি রাজস্ব আহরণ করেছেন, যা চার বছরের চক্রে ফিফার আয়কে অনেক বাড়িয়ে দিয়েছে। ২০১৮-২২ চক্রে ফিফা আয় করেছে ৭.৫ বিলিয়ন ডলার, যাতে কাতারের বড় অবদান রয়েছে।










