পাকিস্তান সুপার লিগ (পিএসএল) না খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাসকে। আঙুলের চোটে শেষ হয়ে গেল তার পিএসএল মিশন। অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন। আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি। স্ক্যানের পর হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, যা থেকে সেরে উঠতে দুই সপ্তাহ সময় লাগবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, শুরুর আগেই শেষ হয়ে গেল আমার পিএসএল মিশন। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং সেরে ওঠার জন্য আপনাদের দোয়া প্রার্থনা করছি। করাচি কিংসের জন্য অনেক অনেক শুভকামনা।’
নিলাম থেকে লিটনকে দলে নিয়েছিল করাচি কিংস। পুরো আসরে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। তবে পিএসএলে নিজের অভিষেক আসরে মাঠেই নামা হলো না তার।
বাংলাদেশ থেকে এবারের পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রায় এক ডজন খেলোয়াড়। তাদের মধ্যে দল পান তিনজন। লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন, করাচি কিংসে লিটন দাস ও পেশোয়ার জালমি বেছে নেয় ফাস্ট বোলার নাহিদ রানাকে।
লিটন ও রিশাদকে পুরো মৌসুম খেলার অনুমতি দেয়া হলেও নাহিদকে শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র দেয় বিসিবি। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। ওই টেস্ট খেলে পাকিস্তানে যাবেন ২২ বছর বয়সী রানা। দেরিতে যাওয়ায় তিনি পেশোয়ারের প্রথম পাঁচটি ম্যাচ মিস করবেন।
এদিকে, শুক্রবার শুরু হওয়া পিএসএলে লাহোরের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি রিশাদ। ওই ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে জিতিয়েছেন ক্যারিবীয় পেস বোলার জেসন হোল্ডার।










