উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন
ম্যানচেস্টার সিটি ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তিন মৌসুম
ধরে নকআউট পর্বে রিয়ালের মুখোমুখি হচ্ছে সিটি। আজ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের
ড্রতে এমনই ভাগ্য বরণ করে দুই শিরোপা প্রত্যাশী দল।
এছাড়া কোয়ার্টার ফাইনালে লুই এনরিকের প্যারিস সেন্ট জার্মেই খেলবে তারই সাবেক
দল পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। পিএসজি প্রথমবারের মতো শিরোপা জিততে
মরিয়া। ইংল্যান্ডের দল আর্সেনাল খেলবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবং
জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যানসিটি কিংবা রিয়াল যারাই জিতুক তারা সেমিফাইনালে সামনে পাবে আর্সেনাল কিংবা
বায়ার্ন মিউনিখকে। আর্সেনাল ও ম্যানসিটি উভয়ই জিতলে অল-ইংলিশ সেমিফাইনাল হবে। তেমনি
পিএসজি ও বার্সার মধ্যকার বিজয়ী দল শেষ চারে মুখোমুখি হবে অ্যাটলেটিকো কিংবা বরুশিয়ার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আগামী ৯-১০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৬-১৭ এপ্রিল
অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে এবং দ্বিতীয় লেগ ৭-৮ মে। লন্ডনের
ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ১ জুন।
শেষ ষোলোর বৈতরণী পেরিয়ে শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন
মিউনিখ, পিএসজি, আর্সেনাল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।
রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলে ২-১ গোলে আরবি লিপজিগকে, ম্যানসিটি দুই লেগ মিলে
৬-২ গোলে এফসি কোপেনহেগেনকে, বায়ার্ন মিউনিখ দুই লেগ মিলে ৩-১ গোলে লাৎসিওকে, পিএসজি
দুই লেগ মিলে ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে, আর্সেনাল টাইব্রেকারে ৪-২ গোলে এফসি পোর্তোকে,
বার্সেলোনা দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে নাপোলিকে, অ্যাটলেটিকো টাইব্রেকারে ৩-২ গোলে ইন্টার
মিলানকে, বরুশিয়া দুই লেগ মিলে ৩-১ গোলে পিএসভিকে হারিয়ে শেষ আটের টিকিট পায়।










