ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ আসরের দুইদিনের নিলামে ২০৪ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এজন্য ১০টি ফ্র্যাঞ্চাইজির খরচ হয়েছে ৫৫১ কোটি ৭০ লাখ রুপি। 

২ দিনে ১৯ ঘণ্টার নিলামে ৫৯০ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়। তার মধ্য থেকে বিক্রি হয় ২০৪ জন। এদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৬৭ জন। ভারতের (দেশি) ১৩৭ জন। প্রথম দিন ফ্র্যাঞ্চাইজিগুলো ৭৪ জনকে দলে ভেড়ায়। আর দ্বিতীয় দিনে ভেড়ায় ১৩০ জনকে।

বিদেশি কোটায় সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন। ১১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। আর দেশি কোটায় সর্বোচ্চ দামে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ইশান কিষান। তার দাম ১৫ কোটি ২৫ লাখ রুপি। এছাড়া ১১ জন খেলোয়াড় ১০ কোটির ওপরে দাম পেয়েছেন।