তৃতীয় মেয়াদে ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। আজ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত ৭৩তম ফিফা কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে ব্যর্থ হওয়ার মতো কিছু কারণে সব জাতীয় ফুটবল সংস্থার কাছে জনপ্রিয় নন ইনফ্যান্তিনো। তবু ফিফা প্রেসিডেন্ট পদে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে দেখা গেল না। ফলে তিনি একবোরেই বাধাহীনভাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারটিতে আবারো বসতে চলেছেন। তাকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জটা কেউ নেয়নি বলে আজ ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে ৫২ বছর বয়সী ইতালিয়ান বংশোদ্ভূত এই সুইস নাগরিক বলেন, ‘‌এটা অনেক বড় সম্মান ও গৌরবের, একইসঙ্গে গুরুদায়িত্বেরও। ফিফা ও বিশ্বব্যাপী ফুটবলের সেবা করার অঙ্গীকার করছি আমি।’

তিনি আরো বলেন, ‘‌যারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে ঘৃণা করেন, তাদের সবার প্রতি আমার ভালোবাসা থাকবে।’

ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন, ২০১৯-২০২২ চক্রে ফিফা রেকর্ড পরিমান আয় করেছে। তিনি অঙ্গীকার করেছেন, পুরুষ ও নারী উভয় ধরণের বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর মাধ্যমে আয় বৃদ্ধির এই ধারা ধরে রাখবেন তারা। ফিফাপ্রধান বলেন, ‘‌কভিড-১৯ এ বিপর্যস্ত একটি সময়ে আমাদের রেকর্ড ৭৫০ কোটি ডলার আয় হয়েছে। আমি যখন আসি তখন ফিফার রিজার্ভ ছিল মাত্র ১০০ কোটি ডলার, এখন তা দাঁড়িয়েছে ৪০০ কোটি ডলারে। পরবর্তী চক্রে আমাদের এক হাজার ১০০ কোটি ডলার আয়ের লক্ষ্য। এর মধ্যে আবার ক্লাব বিশ্বকাপ অন্তর্ভুক্ত নয়। সেটি থাকলে আরো বিলিয়ন বাড়তো।’