শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে
হারের মুখে পড়েছে বাংলাদেশ। ৫১১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রান
তুলে চতুর্থ দিন মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ৩ উইকেট হাতে নিয়ে এখনো ২৪৩ রান প্রয়োজন বাংলাদেশের,
আর সিংহলিজদের জিততে প্রয়োজন আর ৩টি উইকেট।
বিশাল রান তাড়া করতে নেমে লক্ষ্যহীনভাবে ছুটেছে বাংলাদেশ।
বিনা উইকেটে ৩১ রান তুলে আজ চতুর্থ দিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় স্বাগতিকরা। মাহমুদুল
হাসান জয় ১৯ ও জাকির হাসান ১১ রানে অপরাজিত ছিলেন। যদিও দ্বিতীয় সেশন থেকে আসা-যাওয়া
শুরু হয়। মাহমুদুল ও জাকির কাছাকাছি সময়ে আউট হয়ে যান। পরে মুমিনুল হকের ফিফটিতে (৫৪
বলে ৫০) ভর করে দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ১০১ রান যোগ করে বাংলাদেশ। ৪ উইকেটে ১৩২
রান নিয়ে চা-বিরতিতে যায় স্বাগতিকরা।
এরপর আশা দেখাচ্ছিলেন সাকিব আল হাসান (৩৬) ও লিটন দাস
(৩৮)। তবে কেউই দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। দলের রান দুশ পূর্ণ হওয়ার আগেই
সাজঘরে ফিরে যান তারা। সপ্তম উইকেটে শাহাদাত হোসেন দিপুকে নিয়ে বোর্ডে ৪৬ রান যোগ করেন
মেহেদী হাসান মিরাজ। দিপু ১৫ রান করে কামিন্দু মেন্ডিসের শিকার হন।
অষ্টম উইকেটে তাইজুল ইসলাম ও মিরাজ ৫.৩ ওভারে ২৫ রান তুলে
অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। মিরাজ ৪৪ ও তাইজুল ১০ রানে অপরাজিত রয়েছেন। লাহিরু কুমারা,
প্রবথ জয়সুরিয়া ও কামিন্দু প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
এর আগে ৬ উইকেটে ১০২ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নামা লংকানরা
৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এতে রেকর্ড রান তাড়া করার চ্যালেঞ্জের
মুখে পড়ে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টেও বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিয়েছিল সিংহলিজরা।
আজ সকালে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ব্যক্তিগত ৫৬ রানে বোল্ড
করেন সাকিব আল হাসান। প্রবথ জয়সুরিয়া ২৮ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হাসান মাহমুদ
চারটি ও খালেদ আহমেদ দুটি উইকেট নেন।
শ্রীলংকা প্রথম ইনিংসে ছয় ফিফটিতে ৫৩১ রানে অলআউট হয়।
জবাবে বাংলাদেশ ১৭৮ রানে গুটিয়ে যায়। এরপর ১৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অতিথিরা। তাতে
৫১১ রানের বিশাল টার্গেটের সামনে পড়ে বাংলাদেশ। উল্লেখ্য, সিলেট টেস্টেও ঠিক ৫১১ রানের
টার্গেট পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। ওই টেস্টে ১৮২ রানে গুটিয়ে গিয়ে ৩২৮ রানের
বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সিলেট টেস্টে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে
১-০তে এগিয়ে রয়েছে শ্রীলংকা। চট্টগ্রাম টেস্টে ন্যূনতম ড্র করলেই সিরিজ নিশ্চিত করবে
ধনাঞ্জয়া ডি সিলভার দল।
টেস্টে রান তাড়ার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ ধরে রেখেছে।
২০০৩ সালে সেন্ট জোনসে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের টার্গেট ৭ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছিল
ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেছিলেন রামনরেশ সারওয়ান ও শিবনারায়ন চন্দরপল। ব্রায়ান লারার
ব্যাট থেকে আসে ৬০ রান।










