জাপানের নারীদের হারিয়ে প্রথমবার ফিফা অনূর্ধ্ব-২০ উইমেন্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। আজ সোমবার এস্তাদিও ন্যাসিওনাল দে কোস্টারিকায় সালমা সেলেস্তের জোড়া গোলে জাপানকে ৩-১ গোলে হারায় স্প্যানিশরা। দলের আরেকটি গোল করেন ইনমা গ্যাবাররো। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন সুজু আমানো।
২০১৮ বিশ্বকাপের ফাইনালে ঠিক একই ব্যবধানে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। এবার ফলাফলটা উল্টে গেল।
কোস্টারিকার মাঠে প্রথমার্ধেই তিন গোল করে জাপানের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দেয় স্প্যানিশরা। ম্যাচের ১২ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা স্ট্রাইকার ইনমা গ্যাবাররো স্পেনকে এগিয়ে নেন। এবারের বিশ্বকাপে আটটি গোল করেছেন তিনি। ২২ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন সালমা। ২৭ মিনিটে সফল পেনাল্টি কিকে ৩-০ ব্যবধান করেন তিনি।
বিরতি থেকে ফিরেই একটি গোল শোধ দেয় জাপান। ৪৭ মিনিটে সুজু আমানো গোলটি করেন। কিন্তু এরপর আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা।










