আগামী ২১ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২২। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি শুরুর আগ মুহূর্তে দুঃসংবাদ পেল আয়োজকরা। দলগুলো জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগেই বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্য কভিড পজিটিভ হয়েছেন। ক্রিকেটারদের নাম প্রকাশ না করার শর্তে এর সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী।
বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, আমরা বিপিএল সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা শুরু করেছি। অনেকেরই পরীক্ষা হয়েছে। এর মধ্যেই কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাদের কোনো উপসর্গ দেখা যায়নি।
এবার বিপিএলে ছয়টি দল অংশ নিচ্ছে। আজ থেকে থেকে ধাপে ধাপে দলগুলোর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা। তার আগে করোনার সংক্রমণ ঘটায় বিপাকে কয়েকটি দল।
জৈব সুরক্ষা বলয়ে থেকেই সব দলকে বিপিএলে অংশগ্রহণ করতে হবে। সুরক্ষা বলয়ে প্রবেশের আগে সোমবার বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হয় একাংশের। সেখানেই কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে। গণমাধ্যম বলছে, খুলনা টাইগার্সের ৫-৬ জন ক্রিকেটার ইতোমধ্যে করোনায় আক্রান্ত। মেডিকেল বিভাগ থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য আজ অধিকাংশ খেলোয়াড়ের করোনা পরীক্ষা হওয়ার কথা। ফলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিসিবির এই চিকিত্সক। তবে যারা নেগেটিভ আসবেন, তারা এখন থেকেই বলয়ে ঢুকবেন। দেবাশীষ চৌধুরী বলেছেন, যারা নেগেটিভ হয়েছেন, তারা বলয়ে ঢুকবেন। যারা আক্রান্ত হয়েছেন, তারা সবাই এখন আইসোলেশনে আছেন। পরবর্তীতে তারা নেগেটিভ এলেই জৈব বলয়ে ঢুকবেন।










