ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ আসরে খেলা হবে না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আইপিএল নিলামে শনিবারের পর রোববার দ্বিতীয় দিনও অবিক্রিত থাকেন তিনি। তাই এবার আইপিএলে দেখা যাবে না তাকে।
২০১১ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলে আসছিলেন সাকিব। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দল পেলেন না সাকিব। উল্লেখ্য, আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকায় ২০২০ সালে আইপিএল খেলা হয়নি সাকিবের, আর ২০১৩ সালের আসরে তিনি খেলেননি ইনজুরিতে থাকার কারণে। চলতি বিপিএলে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি, টানা পাঁচ ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে ইতিহাস গড়েছেন। যদিও বিস্ময়করভাবেই তিনি আইপিএলে দল পেলেন না। উল্লেখ্য, সাকিব দল না পেলেও ২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
এদিকে প্রথম দিন অবিক্রিত থাকলেও দ্বিতীয় দিন দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি, ভারতের ঋদ্ধিমান সাহা, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, স্যাম বিলিংস। সাকিবের মতোই দ্বিতীয় দফায়ও দল পাননি ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল, আফগানিস্তানের কাইস আহমেদ, নিউজিল্যান্ডের জিমি নিশাম, ভারতের উমেশ যাদব।
এদিকে, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে ৩০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট ২৫ লাখ দর হাঁকালেও পরে মুম্বাই ৩০ লাখে তাকে কিনে নেয়। ২০২১ সালে অর্জুনকে ২০ লাখ রুপিতে কিনেছিল মুম্বাই।
প্রায় ৫৫০ কোটি রুপির এই নিলামে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি ২০২২
আসরের জন্য দল গুছিয়ে নিয়েছে।










