দেশে রাজনৈতিক পটপরির্তনের পর বদলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। সাবেক অধিনায়কে ফারুক আহমেদকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়। সেই থেকে বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টনের কথা বলা হলেও তা হয়ে উঠছিল না। অবশেষে আজ শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বর্তমান পরিচালনা পর্ষদের ১৭তম সভায় সুষ্ঠুভাবে বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টন করা হয়েছে।

বোর্ড পরিচালক মাহবুবুল আনাম জানিয়েছেন, কমিটি প্রধানেরা আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বোর্ডে জমা দেবেন। বিসিবি ওয়ার্কিং কমিটি ও বিসিবি সিকিউরিটি কমিটির প্রধানের নাম পরে ঘোষণা করা হবে।

ক্রিকেট পরিচালনা কমিটি ও মহিলা উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট, লজিস্টিক ও প্রটোকলে ফাহিম সিনহা; ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক ক্রিকেটে সাইফুল আলম স্বপন চৌধুরী; টুর্নামেন্ট, ফ্যাসিলিটিজ ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে আকরাম খান; গ্রাউন্ডস, টেন্ডার ও পারচেজ এবং হাই পারফরম্যান্স কমিটিতে মাহবুবুল আনাম; মিডিয়া ও আম্পায়ার্স কমিটিতে ইফতেখার রহমান; মেডিকেলে মঞ্জুর আলম, অডিট ও সিসিডিএমে সালাউদ্দিন চৌধুরী; বাংলাদেশ টাইগার্স কমিটিতে কাজী ইনাম আহমেদ ও ওয়েলফেয়ার কমিটিতে মঞ্জুর আলম চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির প্রধান হিসেবে থাকছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।