পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ দ্য লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান হলেন টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ। ২০২৩ সালে তিনটি গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান সুপারস্টার। খেলাধুলায় মর্যাদাপূর্ণ এই পুরস্কারে নারী ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেন ও বার্সেলোনা নারী ফুটবল দলের তারকা আইতানা বোনমাতি। তিনি প্রথম নারী ফুটবলার হিসেবে লরিয়াসের বর্ষসেরা খেলোয়াড় হলেন। এর মধ্য দিয়ে সিমোন বাইলস, সেরেনা উইলিয়ামস, ইয়েলেনা ইসিনবায়েভা ও জেনিফার ক্যাপ্রিয়াতির পাশে বসলেন ২৬ বছর বয়সী বোনমাতি।

 

সোমবার রাতে মাদ্রিদে জমকালো এক অনুষ্ঠানে ২৫তম লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড দেয়া হয়। লরিয়াসে জোকোভিচ তো নিয়মিত মুখ। এবার বরং অনুষ্ঠানের আলো কাড়েন বোনমাতিসহ নতুনরা। রিয়াল মাদ্রিদের ইংলিশ খেলোয়াড় জুড বেলিংহাম ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। তিনি রিয়ালের হয়ে নিয়মিত দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। সম্প্রতি এল ক্ল্যাসিকোতে ৯১তম মিনিটে গোল করে তিনিই জেতান রিয়ালকে।

 

নারী ফুটবলে এখন নন্দিত নাম বোনমাতি। ২০২৩ সালে স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওই আসরের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জয়ের পর উয়েফা ও ফিফার বর্ষসেরা হয়েছেন, জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কারও। এবার তার হাতে উঠল মর্যাদাপূর্ণ লরিয়াস বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার।

 

বোনমাতি এই রেসে হারিয়েছেন স্কিয়ার মিকায়েলা শিফরিন, টেনিস খেলোয়াড় ইগা সিয়ানতেক, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকা অ্যাথলিট ফেইথ কিপিগন, শেরিকা জ্যাকসন ও শা’কারি রিচার্ডসনকে।   

 

বার্সার হয়ে লিগ শিরোপা, সুপারকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ এবং স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী বোনমাতি পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘প্রথম ফুটবলার (নারী) হিসেবে পুরস্কার জেতার অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ স্পেন নারী ফুটবল দল ‘টিম অব দ্য ইয়ার’ হওয়ায় আনন্দিত বোনমাতি বলেন, ‘প্রথম নারী দল হিসেবে লরিয়াস সেরা হয়েছি আমরা, এই অর্জনে আমরা গর্বিত। খেলায় নারীদের সমান মর্যাদা ও সুবিধা আদায়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, এই অর্জন আমাদের আরো বেশি উৎসাহিত করবে।’

 

লরিয়াস অ্যাওয়ার্ড

স্পোর্টসম্যান অব দ্য ইয়ার: নোভাক জোকোভিচ

স্পোর্টসউইম্যান অব দ্য ইয়ার: আইতানা বোনমাতি

টিম অব দ্য ইয়ার: স্পেন নারী ফুটবল দল

ব্রেকথ্রু অব দ্য ইয়ার: জুড বেলিংহাম

কামব্যাক অব দ্য ইয়ার: সিমোন বাইলস (জিমন্যাস্ট)

স্পোর্টসপারসন অব দ্য ইয়ার উইথ ডিজ্যাবিলিটি: ডিয়েটে ডি গ্রুট (টেনিস)

অ্যাকশন স্পোর্টসপারসন অব দ্য ইয়ার: আরিসা ট্রিউ (স্কেটবোর্ডিং)

স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড: ফান্ডাসিওন রাফা নাদাল