ওয়েলিংটন টেস্টে বাজেভাবে হারলেও দুই টেস্টের সিরিজ ড্র করার দারুণ সুযোগ ছিল নিউজিল্যান্ডের সামনে। ক্রাইস্টচার্চ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৭৯ রানের টার্গেট দেয় কিউইরা। রান তাড়া করতে নেমে ৩৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে প্যাট কামিন্সের দল। তৃতীয় দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ছিল ৭৭/৪। জিততে তাদের আরো করতে হতো ২০২ রান। এই চ্যালেঞ্জে অজিরা জিতেছে ৩ উইকেটে!

 

আজ সোমবার সকালে ৮০ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে অজিদের। এরপর মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি ১৪০ রানের অনবদ্য এক জুটিতে হতাশ করেন কিউইদের। মার্শ ১০২ বলে ৮০ রান করে যখন সাজঘরের পথ ধরেন তখন অজিদের দলীয় সংগ্রহ পৌঁছে ২২০ রানে। তিনি বেন সিয়ার্সের শিকার হন। একই ওভারে সিয়াস আউট করেন নতুন ব্যাটার মিচেল মার্শকেও (২২০/৭)।

 

যদিও এরপর ক্যারি ও অধিনায়ক কামিন্সের ৬১ রানের জুটিতে কিউইদের সব আশার সমাধি ঘটে। ৬৪ বলের এই জুটিতে তারা অস্ট্রেলিয়াকে এনে দেন স্বস্তির এক জয়।

 

ক্যারি ১২৩ বলে ১৫ বাউন্ডারিতে ৯৮ ও কামিন্স ৪৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে একজন উইকেটকিপার হিসেবে দ্বিতীয় সেরা স্কোর এখন ক্যারির। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে হোবার্ট টেস্টে ১৪৯ রান করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

  

এর আগে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৬২ ও ৩৭২। অস্ট্রেলিয়া: ২৫৬ ও ২৮১/৭ (ক্যারি ৯৮*, মার্শ ৮০, কামিন্স ৩২*; সিয়ার্স ৪/৯০, ম্যাট হেনরি ২/৯৪)। ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা: অ্যালেক্স ক্যারি (৯৮ রান ও ১০ ক্যাচ)। সিরিজ: অস্ট্রেলিয়া ২-০তে জয়ী। সিরিজসেরা: ম্যাট হেনরি (১০১ রান ও ১৭ উইকেট)।