সৌদি আরবের ক্লাব আল নাসর পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো
রোনালদোকে বছরে প্রায় ২০ ইউরো দিয়ে দলভুক্ত করেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি
এখন আল নাসরেই খেলেন। সম্প্রতি ক্লাবটি তাদের কোচ ছাঁটাই করেছে। সেই জায়গায়
ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে
চায় আল নাসর। স্পেনের মার্কা জানিয়েছে, জিদানকে দুই বছরের জন্য কোচ হিসেবে পেতে ১২
কোটি ইউরোর (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) প্রস্তাব দিতে চলেছে সৌদি
আরবের ক্লাবটি।
প্রতি মৌসুমে ৬ কোটি ইউরো করে দিতে চায় আল নাসর। যদিও এ
ব্যাপারে জিদানের পক্ষ থেকে আগ্রহের কথা এখনো জানা যায়নি। প্রশ্ন উঠছে, জিদান কি
এমন নিচু সারির লিগে যাবেন? বিশেষ করে তিনি ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব
পেয়ে থাকেন। গুঞ্জন ছিল, তিনি ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চান। যদিও কাতার
বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফ্রান্স। ফলে আপাতত সেখানে
সুযোগ নেই। আবার রিয়ালেও দুই দফায় চাকুরি করেছেন তিনি। তবে এ মুহূর্তে বেকার রয়েছেন
বলে আল নাসরের প্রস্তাব গ্রহণ করলেও করতে পারেন জিদান।
রুডি গার্সিয়াকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ
হিসেবে ডিঙ্কো জেলিনিচকে নিয়োগ করেছে আল নাসর। সৌদি ক্লাবটির ইচ্ছা, এই জায়গায়
জিদানকে আনা। তাহলেই রোনালদো-জিদান পুনর্মিলন ঘটবে। রিয়ালকে তিন তিনবার
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে ইতিহাস গড়ার সময় জিদানের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন
রোনালদো। এবার কি সৌদিকে জিজু-রোনালদো যুগলবন্দির দেখা মিলবে? মার্কা










