দুদিনের একটু বেশি সময়ের মধ্যেই শেষ হয়ে গেল অ্যাডিলেড টেস্ট। আজ রোববার তৃতীয় দিন মাত্র ১৬.১ ওভারের খেলা হয়। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করা ভারত গুটিয়ে যায় ১৭৫ রানে। অতিথি দলটি মাত্র ১২.৫ ওভার টিকে ছিল আজ। পরে ১৯ রানের টার্গেট ছুঁয়ে ফেলতে অস্ট্রেলিয়ার লেগেছে ৩.২ ওভার। ১০ উইকেটের বিশাল জয়ে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার এই রাজসিক জয়ের রূপকার তিনজন—মিচেল স্টার্ক, ট্রাভিস হেড ও প্যাট কামিন্স। স্টার্ক প্রথম ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন ভারতীয়দের। অতিথিরা ১৮০ রানে গুটিয়ে যায়। এরপর ব্যাট হাতে কর্তৃত্ব করেছেন ট্রাভিস হেড, যা তিনি গত দেড় বছরে ভারতীয় দলের ওপর করে এসেছেন। ২০২৩ সালের জুলাই মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৭৪ বলে ১৬৩ রানের রাজসিক ইনিংস খেলে তিনিই হারিয়ে দেন ভারতকে। ওই বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে ভারতীয়দের কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অজিরা।

এবার অ্যাডিলেড টেস্টে ১৪১ বলে ১৪০ রানের রাজসিক ইনিংস খেলেছেন। তার ব্যাটেই ১৫৭ রানের লিড নেয় স্বাগতিকরা।

আজ সকালে কামিন্সের কল্যাণে দ্রুত অলআউট হয়ে যায় ভারত। ঋষভ পন্তকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কাজটা সহজ করে দেন স্টার্ক। এরপর অল্প সময়ের ব্যবধানে রবিচন্দ্র অশ্বিন, হরষিত রানা ও নিতিশ কুমারকে সাজঘরে পাঠান কামিন্স। দলীয় ১৭৫ রানে শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে আউট করেন স্কট বোল্যান্ড।

১৯ রানের জয়ের টার্গেট পায় অজিরা। নাথান ম্যাকসুইনি (১০*) ও উসমান খাজা (৯*) কোনো উইকেটের পতন হতে দেননি। ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।

১৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট, আর সিডনিতে শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।