পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। যার কারণে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হয়নি এই অলারাউন্ডারের। অন্যদিকে আগামী আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে না পাওয়ায়, শ্রীলংকার বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা উড়িয়ে সাকিব নিজেই জানালেন, শ্রীলংকার বিপক্ষে খেলবেন তিনি।
আজ বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে খেলার ব্যাপারে সন্দেহের তো কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি থাকতো, অবশ্যই সেটা অন্য বিষয়। তবে হ্যাঁ, অবশ্যই খেলব। ইনশাআল্লাহ, ওই পর্যন্ত যদি পুরোপুরি সুস্থ থাকি অবশ্যই খেলব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন বাংলাদেশে সাকিবের পরিবারের সদস্যরা অসুস্থ হন। তাদের পাশে থাকতে দেশে ফিরতে বাধ্য হন এ বাঁহাতি অলরাউন্ডার। এর কয়েকদিন পর মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে, মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। তারপর ক্যানসার আক্রান্ত হয়ে সাকিবের শাশুড়ি মারা গেলেও ওই অবস্থায় মেয়েকে একা রেখে দেশে ফিরতে পারেননি। সব মিলিয়ে পারিবারিকভাবে কঠিন সময় পার করেছেন সাকিব।
তবে এই মুহূর্তে মানসিকভাবে স্বস্তি বোধ করছেন বলে জানালেন তিনি। সাকিব বলেন, ‘এখন অবশ্যই ভালো অনুভব করছি। মনোযোগটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’
ঢাকা লিগের চলতি মৌসুমে মোহামেডানের জার্সিতে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু মোহামেডান সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় সেই সুযোগ পাননি। তবে সাকিব খেলার আগ্রহ প্রকাশ করায় তাকে দলে ভিড়িয়েছে মাশরাফির বিন মুর্তজার লেজেন্ডস অব রূপগঞ্জ।










