সংযুক্ত আরব আমিরাতে চলমান একাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশের যুবারা। আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যারা গতকাল শারজায় দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারায়।

আগে ব্যাটিং করতে নেমে দুই পেসার ইকবাল হোসেন ইমন (৪/২৪) ও মারুফ মৃধার (২/২৩) বোলিং তোপে ৩৭ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলটির পক্ষে ফারহান ইউসুফ ৩২ ও মুহাম্মদ রিয়াজুল্লাহ ২৮ রান করেন। ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৮ রানে ২ উইকেট হারায়। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক আজিজুল হাকিম। মাত্র ৪২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ইনফর্ম এ ব্যাটার। ৭টি বাউন্ডারি ও ৩ ছক্কায় পাকিস্তানকে হতাশ করেন আজিজুল। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় ফিফটি, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। গতকাল বাংলাদেশের হয়ে শিহাব জেমস ৩৬ বলে ২৬ রান করেন।

গতকাল আরেক ম্যাচে শ্রীলংকা ১৭৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত ৭ উইকেট ও ১৭০ বল হাতে রেখে জয় তুলে নেয়। মাত্র ১৩ বছর বয়সেই এবারের আইপিএলে ১ কোটি ১০ লাখ রুপিতে দল পেয়ে ইতিহাস সৃষ্টি করা বৈভব সূর্যবংশী গতকাল ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ৩৬ বলের মোকাবেলায়। ৬টি বাউন্ডারি ও ৫ ছক্কায় ইনিংস সাজান তিনি। ফাইনালে বাংলাদেশের বোলারদেরও কি বার্তা দিলেন বৈভব?

যুব এশিয়া কাপে আগের দশ আসরে ভারত সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে। ২০১২ সালে ভারত ও পাকিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন হয়। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে শিরোপা জয় করে বাংলাদেশ। আজিজুল হাকিমদের সামনে এবার ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ের হাতছানি।

গ্রুপ পর্বে ভারতকে পাত্তা দেয়নি পাকিস্তান, যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এবার সেমিতে সেই পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। এ জয়ের পেছনে দলের পেস আক্রমণকেই কৃতিত্ব দিলেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি বলেন, ‘আমরা ম্যাচটা জিতেছি, ভালো লাগছে। সকালে টস জিতেছি, সবকিছুই পক্ষে ছিল আমাদের। বোলাররা সবাই ভালো করেছে। ইমন, মারুফ, ফাহাদ ও রিজান, ওরা অনেক ভালো বোলিং করেছে। এজন্য ১১৭ রানে (১১৬) ওদের আটকে রাখতে পেরেছি। ওদের প্রতি বার্তাই ছিল যে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোব, আমাদের ভুলগুলো কমাব। আমরা সেটা করে দেখিয়েছি।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা আজিজুল দুর্দান্ত ফর্ম ধরে রেখে গতকাল মারমুখী ফিফটিতে জেতান দলকে। এ নিয়ে তার অনুভূতি, ‘আজকে যে ইনিংসটি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য খেলেছি, দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে।’

ফাইনালের প্রতিপক্ষ ভারতকে নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমাদের সর্বশক্তি দিয়েই যাব। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন।’

ম্যাচসেরা ইকবাল হোসেন ইমন জয়শেষে নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘আজকের উইকেট আসলেই ভালো ছিল। সহায়ক উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বোলিং করেছি, সফল হয়েছি। ম্যান অব দ্য ম্যাচ হয়ে আমি রোমাঞ্চিত। খুশি হয়েছি। দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরম্যান্সটা। ফাইনালে অবশ্য বেশি কিছু পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে ভালো বোলিং করব। এর বেশি কিছু না।’

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩৭ ওভারে ১১৬/১০ (ফারহান ৩২, রিয়াজুল্লাহ ২৮; ইমন ৪/২৪, মারুফ ২/২৩)। বাংলাদেশ: ২২.১ ওভারে ১২০/৩ (আজিজুল ৬১*, শিহাব ২৬; নাভিদ খান ১/১৩)। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: ইকবাল হোসেন ইমন (বাংলাদেশ)।