যেন স্বর্গে লেখা চিত্রনাট্য। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছিল ম্যাচের রং। কিন্তু ইতিহাসের অন্যতম সেরা এ ফাইনাল যেন বরাদ্দ ছিল লিওনেল মেসির জন্য। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক স্বত্ত্বেও পরাজয় এড়াতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। নিজে ২ গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসি। বিশ্বকাপ জিতেই বিশ্বকাপকে বিদায় জানাচ্ছেন ফুটবলের এ মহারাজা। মেসির হাতে কেন বিশ্বকাপ ট্রফি নেই দেড় যুগের ও বেশি সময় ধরে যে প্রশ্ন তোলা হচ্ছিল তার ব্লকবাস্টার জবাব ছিল এবারের বিশ্বকাপ।

আজ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের স্নায়ুক্ষয়ী নাটকীয়তার টাইব্রেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এ পর্যন্ত তিনটি ফাইনাল পেনাল্টিতে গড়িয়েছে। পেনাল্টিতে ফ্রান্সের মন্দভাগ্য কাটলো না। ২০০৬ সালেও জিনেদিন জিদানের ফ্রান্স ফাইনাল হেরেছিল ইতালির বিপক্ষে।

এবারের ফাইনাল বিভিন্ন রেকর্ড উপহার দিয়েছে। ফাইনালের ১২০ মিনিটে মোট ছয়টি গোল হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলার হিসেবে ফাইনালে গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।

সম্ভাবনাময় একটি প্রজন্মের হাতে যে আর্জেন্টিনার মশাল দিয়ে যাচ্ছেন মেসি এবারের টুর্নামেন্টে তা স্পষ্ট হয়ে উঠেছে। ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এঞ্জো ফার্নান্দেস। গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন আজেন্টিনার বাঁজপাখি এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের সেরা খেলোয়ার হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জিতে নিয়েছেন মেসি। ২০১৪ সালে পরাজিত ট্রাজিক নায়ক হলেও এবার যেন ফুটবল দেবী দুই হাত ভরে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ফুটবলে স্বপ্নের সব ট্রফি জেতা এ ফুটবলার যেন এবারের বিশ্বকাপকে ‘মেসির বিশ্বকাপই’ করে নিলেন। এর মাধ্যমে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনার ছায়া থেকে বেরিয়ে স্বমহিমায় উজ্জল মেসি।

বিশ্বকাপে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন এমবাপ্পে। ১২০ মিনিটে ফ্রান্সের তিনটি গোলই এসেছে এ ফরাসি তারকার পা থেকে। গোলপোস্টে চারবার শট নিয়েই সফল এমবাপ্পে। কিন্তু টানা দুইবার ট্রফি জয় করে পেলের রেকর্ডে ভাগ বসানো হলো না তার। টানা দুই বিশ্বকাপ জয়ী দল, দুই বিশ্বকাপজয়ী কোচ উপহার দিতে পারলো না ফ্রান্স।