বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চারবার চ্যাম্পিয়ন
হওয়ার কীর্তি গড়ল বসুন্ধরা কিংস। ঢাকার কিংস অ্যারানায় আজ শুক্রবার শেখ রাসেল
ক্রীড়াচক্রের বিপক্ষে ১০ গোলের থ্রিলার (৬-৪) জিতেছে কিংস। এই জয়ে তিন ম্যাচ হাতে
রেখেই ৪৬ পয়েন্ট নিয়ে এবারের লিগের শিরোপা নিশ্চিত করল অস্কার ব্রুসনের দল। উল্লেখ্য, বুধবার এই শেখ রাসেলকে
২-১ গোলে হারিয়ে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে তৃতীয় হয় বসুন্ধরা কিংস।
আজ শিরোপা নিশ্চিত করা জয়ে কিংসের হয়ে একাই চার গোল করেন
ব্রাজিলিয়ান খেলোয়াড় ডরিয়েলটন গোমেস নাসিমেন্তো। একটি করে গোল করেন রবসন ডি সিলভা
রবিনহো ও শেখ মোরসালিন।
২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে যাত্রা করা কিংস অভিষেক
মৌসুমেই শিরোপা জিতে নেয়। কভিড মহামারীর কারণে ২০১৯-২০ মৌসুমে লিগ হয়নি। পরের দুই
লিগেই টানা শিরোপা জিতে নেয় দলটি। এবার তারা জিতল টানা চতুর্থ শিরোপা। পেশাদার লিগে
সর্বোচ্চ ছয়টি শিরোপা জিতেছে আবাহনী। তাদের পরেই এখন কিংস। তিনটি শিরোপা জিতেছে
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। স্বাধীন বাংলাদেশে ফুটবলের শীর্ষ আসরে এই প্রথম টানা
চার শিরোপা জয়ের রেকর্ড গড়ল কিংস।
ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় কিংস। রবিনহোর পাস ধরে বক্সে
ঢুকে আগুয়ান গোলরক্ষকলে পরাস্ত করেন ডরিয়েলটন (১-০)। ম্যাচের ২৬তম মিনিটে সুজন
বিশ্বাসের গোলে সমতায় ফেরে শেখ রাসেল (১-১)। দীপক ৩৮তম মিনিটে বক্সের বাইরে থেকে
দারুণ শটে লক্ষ্যভেদ করেন (১-২)। অবশ্য প্রথমার্ধের যোগ করা সময়ে দুই গোল আদায় করে
নেয় কিংস। গোল করেন রবিনহো ও মোরসালিন (৩-২)। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডরিয়েলটন
স্কোরলাইন ৪-২ করে দেন। ৬৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি (৫-২)। বিশ্বনাথ
ঘোষের আড়াআড়ি ক্রসে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬৮তম মিনিটে টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথকে কাটিয়ে কাছের
পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইকেচুকু কেনেথ (৫-৩)। আশা জাগে শেখ রাসেলের। যিদও তা শেষ
হয়ে যায় ৭৬তম মিনিটে কর্নার হেডে ডরিয়েলটন জাল খুঁজে নিলে (৬-৩)।
৮৮তম মিনিটে স্পট কিক থেকে কেনেথ আরেক গোল করে হারের
ব্যবধান কমান (৬-৪)।
পরাজিত শেখ রাসেল ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম
স্থানে রয়েছে।










