বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১৪ রানে পরাজিত করে দুই টেস্ট হাতে রেখেই অ্যাশেজ সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে অতিথিরা করেছিল ১৮৫ রান। অস্ট্রেলিয়া করে ২৬৭ রান। এতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নামানোর পথে নেতৃত্ব দেন অভিষিক্ত অজি পেসার স্কট বোল্যান্ড। দ্বিতীয় ইনিংস মাত্র ৪ ওভার বোলিং করে একটি মেইডেনসহ ৭ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেন তিনি। প্রথম ইসিংসে তার শিকার ছিল একটি। অভিষেকে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক জো রুট। 

এ টেস্টে নামার আগে রুটের সামনে সুযোগ ছিল ক্রিকেটের টেস্টে সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রহকের মালিক হওয়ার। কিন্তু সেটি আর হলো না ইংলিশ কাপ্তানের। ১৭০৮ রানে বছর শেষ হলো রুটের। মাত্র ২ রানের জন্য ছুঁতে পারেননি ভিভ রিচার্ডসকে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির রান ছিল ১৭১০ রান। সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ করেছিলেন ১৭৮৮ রান।

গতকাল দ্বিতীয় দিন ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১ রান। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে বাকি ছয় উইকেট মিলে ৩৭ রান যোগ করে। তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ১২.৪ ওভার। দুই দিনের একটু বেশি সময়তেই ফলাফল নিশ্চিত হয়ে গেল। সব মিলিয়ে এ টেস্টে খেলা হয়েছে ১৮০.৪ ওভার।