অন্য সব ম্যাচের সঙ্গে মেলানো যায় না ভারত-পাকিস্তান দ্বৈরথটি। যেকোনো মঞ্চেই দুই দলের লড়াই গোটা ক্রিকেট বিশ্বকেই দুই ভাগে বিভক্ত করে ফেলে। অবশ্য দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এমন উপলক্ষ সবসময় আসেও না। টি২০ এশিয়া কাপের কল্যাণে আজ আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
দুই দলের সর্বশেষ দেখায় হেসেছে পাকিস্তান। গত বছর টি২০ বিশ্বকাপ ম্যাচে এই দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। পাকিস্তানের সাবেক গ্রেট ওয়াসিম আকরাম বলেছেন, গত টি২০ বিশ্বকাপের মতো এবারো ভারতের বিপক্ষে উত্তরসূরিদের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। স্টার স্পোর্টসের মিডিয়া সেশনে আকরাম বলেন, কয়েক বছর ধরে উন্নতির ধারায় রয়েছে পাকিস্তান দল। তারা এখন বেশ ধারাবাহিকও। এক বছর আগের ঘটনা হলেও গত টি২০ বিশ্বকাপের জয় পাকিস্তান দলকে এ বিশ্বাস এনে দিয়েছে, ভারতের বিপক্ষে এমন ক্রিকেট খেলার সামর্থ্য রাখে তারা।
ওটা ছিল টি২০ বিশ্বকাপে ছয়বারের চেষ্টায় ভারতের বিপক্ষে প্রথম জয় এবং যেকোনো ফরম্যাটে ১৩ ম্যাচের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে প্রথম হারের স্বাদ দেয়ার অভিজ্ঞতা। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি২০ বিশ্বকাপ সামনে রেখে গতবারের ফর্ম ধরে রাখার চেষ্টা করে যাবে পাকিস্তান।
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট তিনবার মুখোমুখি হতে পারে। গ্রুপ পর্বে একবার লড়াই তো হচ্ছেই, এরপর সুপার ফোর ও ফাইনালেও তাদের দেখা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। মেলবোর্নের সেই মহারণের আগে একাধিকবার মহড়া হতে যাচ্ছে এশিয়া কাপে।
এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১৪ আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন তারা, কেবল দুবার জিতেছে পাকিস্তান। সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নও ভারত। সম্প্রতি দলটির টি২০ পরিসংখ্যানও দারুণ। গত বছর টি২০ বিশ্বকাপের পর এ সংস্করণে সাতটি সিরিজ খেলে একটিও হারেনি রোহিত শর্মার দল। গত জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ সমতায় শেষ হয় সিরিজ। বাকি সবগুলোতেই জয় এসেছে। সাতটি সিরিজে তারা খেলেছে ২৪টি ম্যাচ। এর মধ্যে হেরেছে কেবল চারটিতে।
তবে কভিড আক্রান্ত হওয়ায় প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে এশিয়া কাপে পাচ্ছে না ভারত। আর চোটাক্রান্ত বোলিংয়ের প্রধান অস্ত্র জসপ্রিত বুমরাহও নেই। এশিয়া কাপে ভিভিএস লক্ষ্মণ কোচের দায়িত্ব সামলাবেন। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল ও ভুবেনশ্বর কুমারদের নিয়ে শিরোপাপ্রত্যাশী দল ভারত।
অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচটি হেরেছে। গত টি২০ বিশ্বকাপ হিরো শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান। পেস অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিমও ব্যাক পেইনের সমস্যায় ভুগছেন। এর পরও বাবর, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আসিফ আলী ও শাদাব খানদের নিয়ে পাকিস্তানের একটি লড়াকু দল আরব আমিরাত গিয়েছে।
গত বছর এ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেট হারায় পাকিস্তান। আজ সেই একই মাঠে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। গত বছর ২৪ অক্টোবর বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারানো পাকিস্তান কি সেই ফর্ম ধরে রেখে হতাশ করবে ভারতকে, নাকি প্রতিশোধ নেবেন রোহিত, বিরাট কোহলিরা?










