২০০৪ সালের মে মাসে সর্বশেষ ও একমাত্র দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে। সেবার হারারেতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা। ওটাই দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ এবং ওটাই ছিল শেষ। এর আগে-পরে কয়েকটি ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ আসরের ম্যাচগুলোয় দেখা হয়েছিল তাদের।

আজ টাউন্সভিলে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় ভোর ৫টা ৪০ মিনিটে প্রথম ওয়ানডে শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে এটি জিম্বাবুইয়ানদের যেকোনো ফরম্যাটে প্রথম সিরিজ খেলতে যাওয়া। তিনটি ম্যাচই টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ মাঠে সবশেষ খেলা হয়েছিল ২০১৬ সালে, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যে টি২০ সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ২০১৪ সালের সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। হারারেতে ত্রিদেশীয় সিরিজে দুবারের দেখায় প্রথমটিতে অজিরা ১৯৮ রানে জেতে এবং দ্বিতীয়টিতে ৩ উইকেটের জয় তুলে নেয় জিম্বাবুইয়ানরা।

আগের ২৯ বারের দেখায় মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে জিম্বাবুয়ে। ১৯৮৩ সালে নটিংহ্যামে ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে দুই দলের প্রথম দেখায় অস্ট্রেলিয়া হেরেছিল ১৩ রানে।

প্রথম ওয়ানডের জন্য একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে তারা। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় এবং ভারতকেও কঠিন পরীক্ষায় ফেলেন সিকান্দার-উইলিয়ামসরা। তাই কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।