নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে লিভারপুল। গতকাল রাতে অ্যানফিল্ডে অতিথিদের ৩-১ গোলে হারায় অল রেডস। দলের হয়ে একটি করে গোল করেন দিয়েগো জোতা, মোহাম্মদ সালাহ ও ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড।  

টানা ছয় জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রাখল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল ইয়ুর্গেন ক্লপের দল। এদিকে আরেক ম্যাচ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ১-১ গোলে ড্র করেছে এভারটনের বিপক্ষে।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে লিভারপুল। সাত মিনিটের মাথায় জনজো শেলভির চমত্কার গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে সমতায় ফিরতে দেরি হয়নি স্বাগতিকদের। ২১ মিনিটে কর্ণার থেকে পাওয়া বল কাজে লাগিয়ে অল রেডদের সমতায় ফেরান জোতা। চার মিনিট পর সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। বক্স থেকে সাদিও মানের শট গোলরক্ষকের পায়ে লেগে ফিরে আসে। দারুণ শটে প্রতিপক্ষের গোলপোস্ট ভেদ করেন মিশরের এই ফরোয়ার্ড।

২-১ ব্যবধানে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আরো দুর্দান্ত হয়ে ওঠে লিভারপুল। তবে নিউক্যাসলের রক্ষণদেয়াল ভেদ করতে পারছিল না তারা। একদম শেষমুহূর্তে গিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করে দেন আলেকজান্ডার আরনল্ড। দূর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন এ ইংলিশ ডিফেন্ডার।

১৭ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিভারপুল। ১১ জয়, চার ড্র ও দুই হারে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।