নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে গতকাল আগে ব্যাটিং করতে নামা নেপালকে ৫২ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সুমাইয়া আক্তারের দল।

নেপালকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। স্পিনার জান্নাতুল মাওয়া ১১ রানে নেন দুটি উইকেট। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার একটি করে উইকেট নেন। নেপালের সানা প্রবীন সর্বোচ্চ ১৯ রান করেন ৩২ বলের মোকাবেলায়। এরপর সাদিয়া ইসলাম (১৬) ও সুমাইয়ার (১২) ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার মেয়েরা গতকাল উদ্বোধনী দিন স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে। তারা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আগে ব্যাটিং করে ৪৮ রানে শেষ স্কটল্যান্ড। মাত্র ১ উইকেট হারিয়ে ৬.৪ ওভারে জয় নিশ্চিত করে অজি মেয়েরা।

সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। সেই দলের খেলোয়াড় সুমাইয়া আক্তার এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসেছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর। ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ভারতের কিশোরীরা।

ওই আসরে বাংলাদেশ প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেই জয়লাভ করে সুপার সিক্স পর্বে উঠেছিল। যদিও সেমিফাইনালে উঠতে পারেনি মারুফা আক্তার, দিশা বিশ্বাসরা।