বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন ম্যাচ শেষে ১-১-এ সমতা। বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে ৫টায় শুরু হচ্ছে মেলবোর্ন টেস্ট। ম্যাচটি জিতলে বর্ডার-গাভাস্কার সিরিজের ট্রফি ধরে রাখতে সমর্থ হবে ভারত, সেক্ষেত্রে শেষ ম্যাচে হারলেও সমস্যা নেই।

দুই দলের সমান একটি করে জয় আর মাঠের বাইরের নানা বিতর্ক ও আলোচনা মেলবোর্নে বক্সিং ডে টেস্ট উত্তেজনার পারদকে করছে ঊর্ধ্বমুখী। আবার এক দশকের মধ্যে প্রথমবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে স্বাগতিক অজিদের জিততেই হবে। মেলবোর্নে জিতলে এরপর ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টের ফলও তাদের পক্ষে যেতে হবে। প্যাট কামিন্সরা তাই সর্বশক্তি দিয়েই নামছে।

এর আগের চারটি বর্ডার-গাভাস্কার ট্রফির মধ্যে চারটিই জিতেছে ভারত। এর মধ্যে দুটি ভারতে ও দুটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের শুরুর দিকে হোম সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১-এ হারায় ভারতীয়রা। এছাড়া ২০১৯ ও ২০২১ সালে টানা দুবার অস্ট্রেলিয়ার মাঠ থেকে ২-১-এ টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখান বিরাট কোহলি, রোহিত শর্মারা। টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের উৎসব করতে পারবে কি গৌতম গম্ভীরের দল?

ভারত হারলে তাদের জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার কাজটা কঠিন হয়ে পড়বে।