বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই ভারতের কর্তৃত্ব। টি-টোয়েন্টিতেও রাজত্ব করে এসেছে তারা। ২০২২ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয় পাওয়া ভারত এবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও হারাল পাকিস্তানকে। গতকাল দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিবেশী দেশটিকে ৭ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। টি-টোয়েন্টিতে ১৪ বারের মোকাবেলায় এটা ভারতের ১১তম জয়!
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে সবাইকে অবাক করেন পাকিস্তান দলনায়ক সালমান আগা। এ মাঠে যে পরে ব্যাট করা দলগুলোরই জয়জয়কার। মূলত বড় রান তুলে ভারতকে চাপে রাখার পরিকল্পনা ছিল সালমান আগার। যদিও উল্টো ভারতই তাদের চাপে ফেলে দেয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। সেই রান তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলেন সূর্যকুমাররা। ভারতীয় দলনায়ক ৩৭ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক শর্মা ১৩ বলে ৩১ ও তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান করে।
এর আগে পেস বোলার হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ দ্রুত দলকে সাফল্য এনে দেন। পান্ডিয়ার করা প্রথম ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের প্রথম বৈধ বলে পয়েন্টে জসপ্রীত বুমরাহকে ক্যাচ দেন সাইম আইয়ুব (০)। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ হারিসকে (৩) সাজঘরে ফেরান বুমরাহ। তার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে পান্ডিয়াকে ক্যাচ দেন হারিস।
এরপর ভারতের স্পিনাররা কর্তৃত্ব করেন। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব ১২ ওভারে ৬০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। কুলদীপ ১৮ রানে তিনটি ও অক্ষর ১৮ রানে দুটি উইকেট নেন। ২৪ রান খরচ করা বরুণের শিকার এক উইকেট। সাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৪০ রান করেন ৪৪ বলের মোকাবেলায়।
৬ রানে ২ উইকেট হারানোর পরও ফখর জামানের দৃঢ়তায় পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪২/২। যদিও ১০ ওভার শেষে স্কোরটা থমকে যায় ৪৯/৪-এ। অর্থাৎ পাওয়ার প্লের পর ৪ ওভার থেকে তারা মাত্র ৭ রান তুলতে পেরেছে! এ সময় অক্ষর প্যাটেল ২ ওভার বোলিং করে ২ উইকেট নেন মাত্র ৩ রানের খরচায়। ফখর ও অধিনায়ক সালমান আগাকে তিনিই ফেরান সাজঘরে। এর পরের ৫২ রানের মধ্যে পাকিস্তান হারিয়ে বসে ৬ উইকেট। দলের শোচনীয় অবস্থায় ৯ নম্বরে নামা শাহিন শাহ আফ্রিদি দেয়াল হয়ে দাঁড়ান। তার মারমুখী ব্যাটিংয়ে ১২৭ রানের পুঁজি পায় পাকিস্তান। আফ্রিদি ১৬ বলে ৩৩ রান করেন ৪ ছক্কায়।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে শুবমান গিল ও চতুর্থ ওভারে অভিষেক শর্মাকে হারায় ভারত। এরপর তিলক ও সূর্যকুমার ৫২ বলে ৫৬ রানের জুটিতে দলকে একশর কাছাকাছি নিয়ে বিচ্ছিন্ন হন। তিলক ৩১ রান করে সাইম আইয়ুবের তৃতীয় শিকারে পরিণত হলেও ভারতের জিততে কোনো অসুবিধাই হয়নি। সূর্যকুমার ও শিবম দুবে ২১ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতের দাপুটে জয় নিশ্চিত করেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে এ নিয়ে ১৭ বারের মুখোমুখিতে ভারত ১১টি জয় পেল, পাকিস্তান জিতেছে ছয়টি। এছাড়া টি-টোয়েন্টিতে ১৪ বারের মোকাবেলায় ১১ জয় নিয়ে এগিয়ে ভারত, পাকিস্তানের জয় তিনটি।
এশিয়া কাপে বুধবার আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান, শুক্রবার ভারত খেলবে ওমানের সঙ্গে। আজ দুটি ম্যাচ; সন্ধ্যা ৬টায় আরব আমিরাতের প্রতিপক্ষ ওমান, রাত সাড়ে ৮টায় হংকং খেলবে শ্রীলংকার সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯। ভারত: ১৫.৫ ওভারে ১৩১/৩। ফল: ভারত ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব (ভারত)।










