ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ প্রথম সেশনেই হারায় দুই ওপেনারকে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম বলে অধিনায়ক সাকিব আল হাসানকেও হারায় স্বাগতিকরা। অভিজ্ঞ মুশফিকুর রহিম আশা দেখিয়েও ২৬ রান করে ফিরেছেন সাজঘরে। আর লিটন দাস আগ্রাসী খেলতে গিয়ে জীবন দেন ২৫ রানে।
সতীর্থদের এই আসা-যাওয়ার মাঝে ব্যতিক্রম ছিলেন মুমিনুল হক সৌরভ। ভাগ্যক্রমে দলে সুযোগ পাওয়া এই বামহাতি ব্যাটারই আজ হাফসেঞ্চুরি করে দলকে টানেন।
চা-বিরতির সময় বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৪ রান। মুমিনুল ৬৫ ও মেহেদী হাসান মিরাজ ৪ রানে অপরাজিত ছিলেন।
দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান সকালে এক ঘণ্টা দারুণভাবে কাটিয়ে দেয়ার পর ১৫তম ওভারে ব্রেক থ্রু পায় ভারত। জয়দেব উনাড়কাতের বলে লোকেশ রাহুলকে চতুর্থ স্লিপে ক্যাচ দেন চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা জাকির। আজ তিনি ৩৪ বলে ১৫ রান করেন। পরের ওভারের দ্বিতীয় বলে রবিচন্দ্র অশ্বিন লেগ বিফোরের ফাঁদে ফেলেন শান্তকে। ৫৭ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি।
মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলে উমেশ যাদবের প্রথম বলেই মিড অফে চেতেশ্বর পুজারাকে ক্যাচ দেন সাকিব। এরপর মমিনুলকে নিয়ে চতুর্থ উইকেটে বোর্ডে ৪৮ রান যোগ করে উনাড়কাতের শিকার হন মুশফিক। উইকেটের পেছনে ঋষভ পন্তকে ক্যাচ দেন সাবেক অধিনায়ক। আউট হওয়ার আগে তিনি ৪৬ বলে ২৬ রান করেন।
এরপর মমিনুলের সঙ্গে যোগ দেয়া লিটন দাস ওয়ানডে মেজাজে ব্যাট করছিলেন। কিন্তু ২৬ বলে ২৫ রান করে তাকে ফিরতে হয় সাজঘরে। অশ্বিনের ফুল লেংথের বল মারতে গিয়ে লোকেশ রাহুলকে ক্যাচ দেন তিনি। পঞ্চম উইকেটে ৪৭ বলে ৪২ রান যোগ করেন মমিনুল ও লিটন।
অন্যদের ব্যর্থতায় দলে ফেরা মমিনুলই এখন ত্রাতা! গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করে ওই সফরের দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন মমিনুল। অবশ্য এরও অনেক আগে থেকেই তিনি রান খরায় ছিলেন। এরপর সম্প্রতি ঘরের মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও রান পাননি। তবু ডাক পান টেস্ট দলে। চট্টগ্রামে প্রথম টেস্টে তাকে দলে নেয়া হয়নি। ওই টেস্টে ইয়াসির আলী ব্যর্থ হলে তার জায়গায় খেলানো হয় মমিনুলকে। সুযোগ পেয়েই তা কাজে লাগালেন সাবেক টেস্ট অধিনায়ক।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে শ্রীলংকার পাল্লেকেলেতে
সর্বশেষ সেঞ্চুরি করেন মমিনুল। টেস্টে তার সেঞ্চুরির ১১টি।










