জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম আসর। শেষ পর্যায়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম পর্ব। সুপার লিগ পর্বে জায়গা পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়টি দল। সেখানে জায়গা করে নিতে লড়ছে দলগুলো। অন্যদিকে রাউন্ড রবিন পর্ব শেষ হলে টেবিলের নিচে থাকা দুই দলের হবে অবনমন। তারা নেমে যাবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

দাপটে চলতি মৌসুম শুরু করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কিন্তু শেষদিকে এসে শীর্ষস্থান হারিয়েছে তারা। নিজেদের শেষ দুই ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৪ উইকেট ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ১ উইকেটে হেরে পিছিয়ে পড়েছে দলটি। শীর্ষস্থান হারানো প্রাইম ব্যাংক নয় ম্যাচে ছয় জয় ও তিন হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে সাত জয় ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল।

আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লিজেন্ডস অব রূপগঞ্জ, যারা গতকাল হারায় শাইনপুকুরকে। আট ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড চারে। গাজী গ্রুপ ক্রিকেটার্স সমান ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের পাঁচ নম্বরে।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে এনামুল হকের ঘূর্ণিতে বেসামাল মোহামেডান ৩৮.১ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায়। জবাবে ৩৬.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ টাইগার্স। লিস্ট-এ ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এনামুল। এ জয়ের পর রূপগঞ্জ টাইগার্সের পয়েন্ট এখন সাত ম্যাচে ৮।

পয়েন্ট টেবিলে এর পরেই রয়েছে শাইনপুকুর (৬), সিটি ক্লাব (৬ পয়েন্ট), মোহামেডান (৬ পয়েন্ট), খেলাঘর (৪) ও ব্রাদার্স (২)। গতকাল সিটি ক্লাব ৩ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে ও লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ রানে হারায় শাইনপুকুরকে।

১১ দলের এবারের ডিপিএলে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রথম পর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল নিয়ে হবে সুপার লিগ পর্ব। সেখানে খেলতে হবে পাঁচটি করে ম্যাচ। সর্বমোট ১৫টি ম্যাচ শেষে ওই ছয় দলের মধ্যে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারা জিতবে ডিপিএল শিরোপা।

এদিকে, এখন পর্যন্ত নয় ম্যাচে ৭২৮ রান করে শীর্ষ সংগ্রাহক প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়। ৬২৪ রান নিয়ে তার পরেই ছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। উইকেট শিকারে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন শেখ জামালের পারভেজ রসুল ও প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান। দুজনেরই শিকার সমান ১৭ উইকেট।