নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আগুণ ঝরানো বোলিং করা পেসার তাসকিন আহমেদ আজ সিডনিতেও দুর্দান্ত শুরু করেন। প্রথম ওভারের শেষ বলেই তিনি সাজঘরে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ২/১! কিন্তু শুরু আর শেষের সঙ্গে ভীষণ অমিল। ২০ ওভারশেষে সেই প্রোটিয়াদের বোর্ডে জমা পড়ে ২০৫/৫। মাঝের এই সময়টুকুতে রীতিমতো টর্নেডো বইয়ে দেন রাইলি রুশো আর কুইন্টন ডি কক। রুশো ৫৬ বলে ১০৯ ও ডি কক ৩৮ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। বিশাল এই টার্গেটের পেছনে ছুটতে গিয়ে ১৬ দশমিক ১ ওভারে ১০১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের হার ১০৪ রানের বিশাল ব্যবধানে।

 

প্রথম দুই ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলে দারুণ সূচনা করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে সুন্দর মুহূর্তটি দ্রুতই শেষ হয়ে যায়। তৃতীয় ওভারে চার বলের মধ্যে এই দুজনকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া। বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসানকেও দাঁড়াতে দেননি তিনি। পঞ্চম ওভারে ব্যক্তিগত এক রানে নরকিয়ার বলে লেগ বিফোর হন সাকিব।

 

নরকিয়ার পর কেশব মহারাজ ও তাবরাইজ শামসির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। লিটন দাস আশা দেখালেও সেই আলো দ্রুতই নিভে যায়। উইকেট হারাতে হারাতে ১০১ রানে শেষ বাংলাদেশ। এমনকি রুশোর একার রানের চেয়েও ৮ রান কম করেছেন সাকিবরা সবাই মিলে। ৩১ বলে ৩৪ রান করেন শামসির শিকার হন তিনি। নরকিয়া ১০ রানে চারটি ও শামসি ২০ রানে তিনটি উইকেট নেন। কেশব ও কাগিসো রাবাদা নেন একটি করে উইকেট।

 

এর আগে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ বলে ১৬৩ রানের দানবীয় জুটিতে প্রোটিয়াদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন রুশো ও ডি কক। এই জুটিতে রুশোর অবদান ৯৬ রান। ৫২ বলে আন্তর্জাতিক টি২০তে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন রুশো। সাতটি চার ও আটটি ছক্কায় ১০৯ রানের ইনিংসটি সাজান তিনি।

 

প্রোটিয়া-ঝড়ের মধ্যে ৩৩ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব। এছাড়া আফিফ ১১ রানে একটি, হাসান মাহমুদ ৩৬ রানে একটি ও তাসকিন ৪৬ রানে একটি উইকেট নেন। উল্লেখ্য, প্রথম ওভারে দুই রান দেয়া তাসকিন পরের ১২ বলে খরচ করেছেন ৪৪ রান!

 

বিশ্বকাপে তিনটিসহ টি২০তে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে কখনই প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ।

রোববার সকালে ব্রিসবেনে নিজেদের পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।