অস্ট্রেলিয়ায় সদ্যই ওয়ানডে সিরিজ জয় করা ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসা পাকিস্তান ক্রিকেট দলের দুর্দশা কাটছেই না। এবার জিম্বাবুয়ের মাঠেও সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে বসল মোহাম্মদ রিজওয়ানের দল। আজ রোববার বুলাওয়েতে পাকিস্তানকে ডিএলএস মেথডে ৮০ রানে হারিয়েছে স্বাগিতকরা।

টস জিতে ফিল্ডিং বেছে নেয়া সফরকারীরা ২০৫ রানে অলআউট করে দেয় জিম্বাবুয়েকে। ছোট টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর সফরকারীরা ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান তোলার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। জয় থেকে তখন ১৪৬ রান দূরে ছিল তারা। রিজওয়ান ১৯ ও আমের জামাল শূন্য রানে অপরাজিত ছিলেন। এরপর আর খেলা মাঠে না গড়ালে ডিএলএস মেথডে জিম্বাবুয়ে ৮০ রানের জয় পায়।

এর আগে ৯৯ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়েকে দুশ ছাড়ানো স্কোর এনে দেন রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা। এনগারাভা ৫২ বলে ৪৮ ও রাজা ৫৬ বলে ৩৯ রান করেন। সালমান আগা ও ফয়সাল আকরাম তিনটি করে উইকেট নেন। এরপর জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, রাজা ও শন উইলিয়ামস প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন।

ব্যাট হাতে ৩৯ রান করার পর বল হাতে ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।