ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল উত্তাপের ম্যাচ। চলতি মৌসুমের শিরোপা নির্ধারক হয়ে উঠতে পারে এই ম্যাচটি। টেবিলের চিত্রটা এমনই যে, এই ম্যাচে পরাজিত দলের আশা অনেকটাই শেষ হয়ে যাবে। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় লড়বে সিটি ও আর্সেনাল।

 

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। পেপ গার্দিওলার দল যদিও আজকের ম্যাচসহ তাদের বাকি ম্যাচগুলো জিতে যায়, তবে শেষ পর্যন্ত আর্সেনালকে চার পয়েন্টে পেছনে ফেলে লিগ শিরোপা জিতে নেবে। অন্যদিকে, আর্সেনাল জিতলে তারাও শিরোপার সুবাস পেতে শুরু করবে।

 

আর এক মাসের মধ্যেই প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হয়ে যাবে। আজ তাই দুই দলই শিরোপার রেসে নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার চেষ্টায় মরিয়া হবে।

 

১৯৯৪-৯৫ মৌসুমের প্রিমিয়ার লিগজয়ী ক্রিস সাটন আজকের ম্যাচে সিটিকেই এগিয়ে রাখলেন। তিনি বলেন, ‘আমার সংশয়, আজ আর্সেনাল খেলোয়াড়রা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে। আর ম্যানচেস্টার সিটির থাকবে আত্মবিশ্বাস, গত কয়েক ম্যাচে সেটা তারা দেখিয়েছে। আমার মনে হয়, আজ সহজেই জয়লাভ করবে ম্যানসিটি।’‌  

 

এটা দুই স্প্যানিশ কোচেরও লড়াই। পেপ গার্দিওলা বনাম মিকেল আরতেতা। গুরু-শিষ্যের লড়াইও। খেলোয়াড়ী জীবন শেষ করে সিটিকে কিছুদিন গার্দিওলার সহকারী কোচ ছিলেন তিনি। এরপর আর্সেনালের দায়িত্ব নেন। শুরুর দিকেই সিটিকে হারিয়ে এফএ কাপ শিরোপা জয় করে তার দল।

 

যদিও এরপর প্রিমিয়ার লিগে আর্সেনালের কোচ হিসেবে ছয়বার ম্যানসিটির মুখোমুখি হয়ে ছয়বারই হেরেছেন আরতেতা। এই লিগে শুধু সিটিকেই তিনি হারের স্বাদ দিতে পারেননি। আজ কি সিটিকে প্রথমবার হারের স্বাদ দিতে পারবেন এই স্প্যানিশ কোচ?

আজ লিভারপুল খেলবে ওয়েস্ট হ্যামের মাঠে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে, আর নটিংহ্যাম ফরেস্ট আতিথ্য দেবে ব্রাইটনকে।