টি২০ বিশ্বকাপে সবচেয়ে হতশ্রী দল যদি বাংলাদেশকে বলা হয়, তবে ভুল হবে না। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগে ভালো করতে পারেনি লাল-সবুজরা। স্বপ্নভঙ্গ দলটি যত শেষের দিকে এগোচ্ছিল, ততই অধঃপতনে যেন তলিয়ে যাচ্ছিল। আজ দুবাইয়ে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৭৩ রানে অলআউট তার চাক্ষুস প্রমাণ। অ্যাডাম জাম্পার স্পিন ঘূর্ণিতে ১৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৫ উইকটে নিয়ে একাই ধস নামান অজি লেগি।
ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের এলোমেলো বোলিংকে সীমানা ছাড়া করে মাত্র দুই উইকেট হারিয়ে ৬.২ ওভারে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচটি এবারের টি২০ বিশ্বকাপে সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচের তালিকায়ও জায়গা করে নিয়েছে। মাত্র ২১.২ ওভারে নিষ্পত্তি হয়ে যায় ম্যাচের ফলাফল।
টি২০ বিশ্বকাপে এ নিয়ে চতুর্থবার ও চলতি আসরে দ্বিতীয়বারের মতো ‘একশ’ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
৭৪ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ৫ ওভারে ৫৮ রান তোলে অজিরা। পঞ্চম ওভারের শেষ বলে তাসকিন ফেরান অ্যারন ফিঞ্চকে। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন অজি অধিনায়ক। ৪টি ছক্কা ও ২টি চারে ইনিংসটি সাজান ফিঞ্চ। জয় থেকে যখন ৬ রান দূরে তখন শরিফুল ফেরান ডেভিড ওয়ার্নারকে। ১৪ বলে ১৮ রান করেন ওয়ার্নার। সপ্তম ওভারে প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মিচেল মার্শ। ৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গ দেয়া গ্লেন ম্যাক্সওয়েল স্ট্রাইকে যাওয়ারই প্রয়োজন লাগেনি। ৬.২ ওভারে ৭৮ রান হয়ে যায় অজিদের।
৮২ বল ও ৮ উইকেট হাতে রেখে এই অস্ট্রেলিয়ার নেট রান রেট বাড়িয়ে দিয়েছে অনেক।
বিশ্বকাপ স্বপ্নতো আগেই গুঁড়িয়ে যায়। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কেবল একটি সান্ত্বনার জয়। ব্যাট করতে নেমেই আসা-যাওয়ার প্রতিযোগিতায় শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। ম্যাচে ৪টি ইনিংস ছিল শূন্য রানের। এর মধ্যে লিটন-মাহেদির ‘গোল্ডেন ডাক’। দুই অঙ্ক ছুঁয়েছেন তিন ব্যাটার!
এই জয়ে গ্রুপ-১ অস্ট্রেলিয়া ৪ ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে উঠে আসলো দ্বিতীয় স্থানে। প্রোটিয়াদেরও সমান ম্যাচে ৬ পয়েন্ট। কিন্তু ১.০৩১ নেট রান রেটে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল অজিরা। প্রোটিয়াদের নেট রান রেট ০.৭৪২। তারা রয়েছে তিনে। ৪ ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্টে শীর্ষে ইংল্যান্ড।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, এমন পারফরম্যান্সে কিছু বলা কঠিন। অনেক ক্ষেত্র রয়েছে যেগুলো দেখতে হবে, যেগুলো নিয়ে কথা বলা যায়। বিশেষ করে আমাদের ব্যাটিং। এই উইকেট ব্যাটিংয়ের জন্য সেরা। বাংলাদেশে ফিরে ভুলগুলো বের করতে হবে।
এদিকে আজ রাতে আবুধাবিতে টিকে থাকার ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জয়ের পর শনিবার শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারাতে হবে ক্যারিবীয়দের।










