দানিয়েল কলিনদ্রেসের জোড়ায় উত্তর বারিধারাকে বিধ্বস্ত করেছে ঢাকা আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) ম্যাচটি ৫-২ গোলে জিতেছে আবাহনী।
ম্যাচের প্রথম মিনিটেই কলিনদ্রেসের গোলে এগিয়ে যায় ছয়বারের চ্যাম্পিয়নরা। সুশান্ত্র ত্রিপুরার ক্রসে হেডে গোল করেন কোস্টারিকান ফরোয়ার্ড। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাবীব নেওয়াজ জীবন। ১৪ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় উত্তর বারিধারা। মোস্তফার কাটব্যাকে স্কোরলাইন ২-১ করেন পাপন সিংহ।
তাতে লাভ হয়নি। ২৪ মিনিটে জুয়েল রানা বক্সের ভেতরে বল পেয়ে জাল কাঁপান। ৩৫ মিনিটে ইমন মাহমুদের ক্রসে কলিনদ্রেস দারুণ হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। ৬১ মিনিটে কলিনদ্রেসকে বাজেভাবে ট্যাকল করেন এক ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। রাফায়েল অগাস্তোর সফল স্পট কিকে স্কোর লাইন হয় ৫-১।
৬৮ মিনিটে বারিধারার আরিফ হোসেন গোল করলেও তা
শুধুই সান্ত্বনা হয়ে থাকে। ৫-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও শেখ জামাল। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
আবাহনী ১১ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান
ম্যাচে উত্তর বারিধারা আগের ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে। ২৮ পয়েন্ট
নিয়ে শীর্ষে বসুন্ধরা। ২১ পয়েন্টে তিনে শেখ জামাল।










