প্রথম খেলোয়াড় হিসেবে পুরুষদের ফুটবল বিশ্বকাপের পাঁচ আসরে গোল করার কৃতিত্ব দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার কাতার বিশ্বকাপ ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার মধ্য দিয়ে ইতিহাস গড়েন পর্তুগালের ৩৭ বছর বয়সী এ ফরোয়ার্ড।
বিতর্ক অবশ্য রোনালদোর রেকর্ডকে আড়াল করছে না। ম্যাচের ৬৫ মিনিটে স্পট-কিক থেকে গোল করেন তিনি। ২০০৬ সালে নিজের অভিষেক বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন রোনালদো। এছাড়া ২০১০ বিশ্বকাপে একটি, ২০১৪ বিশ্বকাপে একটি ও ২০১৮ বিশ্বকাপে চারটি গোল করেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোলসংখ্যা ১১৮, এটিও একটি রেকর্ড। ২০০৩ সালে অভিষেক, পর্তুগালের হয়ে প্রথম গোল পান তার ১০ মাস পর ২০০৪ সালের ইউরোতে। এরপর দীর্ঘ সময় পর্তুগালের আস্থার প্রতীক হয়ে আছেন রোনালদো।
মেয়েদের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের মার্তা পাঁচ আসরে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সব মিলিয়ে দ্বিতীয় ও পুরুষদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করলেন রোনালদো। ব্রাজিলের পেলে, জার্মানির উই সিলার ও একই দেশের মিরোস্লাভ ক্লোসা এবং আর্জেন্টিনার লিওনেল মেসি চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন।










